মুন্সিগঞ্জের লৌহজংয়ে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে লৌহজং থানা পুলিশ। সোমবার ১১ মে সকালে লৌহজং উপজেলার হলপট্টি এলাকায় রাস্তার পাশ থেকে মাটিতে পড়ে থাকা অবস্থায় মরদেহটি উদ্ধার করে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে লাশের পরিচয় শণাক্ত করা সম্ভব হয়নি বলে থানা পুলিশ সূত্রে জানা গেছে । লৌহজং থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বোরহান উল ইসলাম এসব তথ্য নিশ্চিত করে জানান, সোমবার (১১ এপ্রিল) সকাল ৬ টায় লৌহজং হলপট্টি এলাকায় স্থানীয় মুসল্লীগণ নামাজশেষে রাস্তার পাশে লাশটি পড়ে থাকতে দেখে থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে লৌহজং থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। নিহতের বয়স আনুমানিক ৫০ থেকে ৫৫ বছর হতে পারে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে লোকটি মানসিক ভারসাম্যহীন ছিলেন। তবে মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্ত রিপোর্টের পরই জানা সম্ভব হবে বলে তিনি আরো জানান । এদিকে লাশ পোস্টমর্টেমের জন্য মুন্সিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে বলে থানা পুলিশ জানায়।