বাগমারায় মাদ্রাসা শিক্ষকদের সঙ্গে এমপির মতবিনিময়

এফএনএস (বাগমারা, রাজশাহী) | প্রকাশ: ১২ মে, ২০২৬, ১২:০৪ পিএম
বাগমারায়  মাদ্রাসা শিক্ষকদের সঙ্গে এমপির মতবিনিময়
রাজশাহীর বাগমারায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেছেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ডা. মো. আব্দুল বারী সরদার। সোমবার (১১ মে) সকাল সাড়ে আটটায় উপজেলা সদর ভবানীগঞ্জে অবস্থিত জামায়াতের কার্যালয়ে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকরা তাদের বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরে এমপি ডা. মো. আব্দুল বারী সরদারের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের স্বীকৃতি, জাতীয়করণসহ বিভিন্ন যৌক্তিক দাবি বাস্তবায়নের বিষয় উল্লেখ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের ইউনিট সদস্য অধ্যাপক মো. অহিদুল ইসলাম, উপজেলা সেক্রেটারি মাওলানা ইব্রাহিম আলী এবং সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী (পিএ) মো. শাহিন আলম। এছাড়াও উপস্থিত ছিলেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট বাগমারা উপজেলা শাখার সভাপতি মাওলানা গোলাম মোস্তফা, সেক্রেটারি মাওলানা আফজাল হোসেন, জেলা সভাপতি মাওলানা মো. লুৎফর রহমানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত প্রতিষ্ঠান প্রধানগণ। মতবিনিময়কালে শিক্ষক নেতারা বলেন, দীর্ঘদিন ধরে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা নানা সমস্যার মধ্য দিয়ে দায়িত্ব পালন করে আসছেন। তাদের ন্যায্য দাবি বাস্তবায়নে সরকারের সুদৃষ্টি কামনা করেন তারা। পরে তারা তাদের দাবির পক্ষে সংসদ সদস্যের হাতে স্মারকলিপি তুলে দেন। এ বিষয়ে সংসদ সদস্য ডা. মো. আব্দুল বারী সরদার শিক্ষকদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস প্রদান করেন।
আপনার জেলার সংবাদ পড়তে