আরও দুই মামলায় জামিন, খায়রুল হকের মুক্তিতে আপাতত বাধা নেই

নিজস্ব প্রতিবেদক
| আপডেট: ১২ মে, ২০২৬, ০১:৪১ পিএম | প্রকাশ: ১২ মে, ২০২৬, ০১:৪১ পিএম
আরও দুই মামলায় জামিন, খায়রুল হকের মুক্তিতে আপাতত বাধা নেই
ফাইল ছবি

জুলাই আন্দোলন ঘিরে করা যাত্রাবাড়ী ও মিরপুর থানার হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে জামিন দিয়েছেন হাইকোর্ট। এর ফলে তার কারামুক্তিতে আপাতত আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

মঙ্গলবার (১২ মে) বিচারপতি কে এম জাহিদ সরওয়ার কাজল ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে খায়রুল হকের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী, অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু ও অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর হোসেন।

এর আগে জুলাই আন্দোলনের সময় যুবদলকর্মী হত্যা, তত্ত্বাবধায়ক সরকারসংক্রান্ত রায় জালিয়াতি এবং দুর্নীতি দমন কমিশনের করা মামলাসহ মোট পাঁচ মামলায় জামিন পেয়েছিলেন সাবেক এই প্রধান বিচারপতি। গত ২৮ এপ্রিল আপিল বিভাগও সেই জামিন বহাল রাখেন। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বেঞ্চ রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে দেন।

তবে ওই সময়ের মধ্যেই নিম্ন আদালতে আরও দুই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। সেগুলো ছিল রাজধানীর যাত্রাবাড়ী ও মিরপুর থানার হত্যা মামলা। নিম্ন আদালতে জামিন না পেয়ে পরে তিনি হাইকোর্টে আবেদন করেন। মঙ্গলবার সেই দুই মামলাতেও জামিন মঞ্জুর করা হয়।

মামলার নথি অনুযায়ী, গত বছরের ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে খায়রুল হককে গ্রেপ্তার করে পুলিশ। পরে জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ীতে যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

এর বাইরে তার বিরুদ্ধে আরও কয়েকটি মামলা হয়। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলসংক্রান্ত রায় জালিয়াতির অভিযোগে শাহবাগ, ফতুল্লা ও বন্দর থানায় পৃথক মামলা দায়ের করা হয়। পাশাপাশি প্লট জালিয়াতির মাধ্যমে দুর্নীতির অভিযোগে দুদকও একটি মামলা করে।

আইনজীবীরা বলছেন, নতুন কোনো মামলায় গ্রেপ্তার না দেখানো হলে সাবেক প্রধান বিচারপতির মুক্তির ক্ষেত্রে আর কোনো আইনি জটিলতা থাকছে না।

২০১০ সালের ২৭ সেপ্টেম্বর দেশের ১৯তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান এ বি এম খায়রুল হক। একই বছরের ৩০ সেপ্টেম্বর দায়িত্ব গ্রহণ করেন তিনি। ২০১১ সালের ১৭ মে অবসরে যাওয়ার পর তিন দফায় আইন কমিশনের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন।

আপনার জেলার সংবাদ পড়তে