বিস্কুট কিনতে বেড়িয়ে যৌন নির্যাতন ও হত্যার শিকার শিশু ফাহিমা

এফএনএস (এইচ এম শহিদুল ইসলাম; সিলেট) : | প্রকাশ: ১২ মে, ২০২৬, ০২:০১ পিএম
বিস্কুট কিনতে বেড়িয়ে যৌন নির্যাতন ও হত্যার শিকার শিশু ফাহিমা

সিলেটে বিস্কুট কিনতে বেড়িয়ে যৌন নির্যাতন ও হত্যার শিকার চার বছরের শিশু ফাহিমা আক্তার।  ঘটনার তদন্তে সোমবার রাতে পুলিশ সোনাতলা গ্রাম থেকে গ্রেফতার করে প্রতিবেশী জাকির হোসেনকে। জাকির সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের সোনাতলা গ্রামের মৃত তোতা মিয়ার ছেলে। সম্পর্কে সে ফাহিমার চাচা।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাকির স্বীকার করেছে, শিশুটিকে বাড়িতে ডেকে নিয়ে যৌন নির্যাতন শেষে হত্যা করা হয়। পরে মরদেহ ওড়না পেচিয়ে একটি ব্যাগে ভরে পুকুরপাড়ে ফেলে রাখা হয়। অভিযুক্ত দাবি করেছে, ঘটনার সময় সে নেশাগ্রস্ত ছিল। গ্রেফতারের খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ক্ষোভের বিস্ফোরণ ঘটে। গভীর রাতে স্থানীয়রা জালালাবাদ থানা ঘেরাও করে বিক্ষোভ করেন। উত্তেজিত জনতার একাংশ অভিযুক্তের বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। পুরো এলাকায় নেমে আসে আতঙ্ক আর শোকের ছায়া। জালালাবাদ থানার ওসি মুজাহিদুল ইসলাম জানিয়েছেন, অভিযুক্তকে থানাহাজতে রাখা হয়েছে এবং আদালতে সোপর্দ করা হবে। উল্লেখ্য, গত ৬ মে সকালে দোকানে বিস্কুট কিনতে বের হয়েছিল ছোট্ট ফাহিমা। পরিবারের লোকজন অনেক খোঁজ করেও তাকে পায়নি। দুই দিন পর বাড়ির পাশের পুকুরসংলগ্ন এলাকা থেকে উদ্ধার হয় তার নিথর দেহ।

আপনার জেলার সংবাদ পড়তে