হজযাত্রীদের অর্ধেকের বেশি সৌদিতে, পৌঁছেছেন ৫২ হাজারের বেশি বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ১২ মে, ২০২৬, ০২:০৭ পিএম
হজযাত্রীদের অর্ধেকের বেশি সৌদিতে, পৌঁছেছেন ৫২ হাজারের বেশি বাংলাদেশি

চলতি বছরের হজ কার্যক্রমে বাংলাদেশ থেকে সৌদি আরবে পৌঁছেছেন ৫২ হাজার ৩৩৪ জন হজযাত্রী। সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালিত ১৩৪টি ফ্লাইটে তারা সৌদিতে পৌঁছান। একই সঙ্গে হজযাত্রীদের মধ্যে মৃত্যুর সংখ্যাও বেড়ে দাঁড়িয়েছে ১৩ জনে।

মঙ্গলবার (১২ মে) প্রকাশিত হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এসব তথ্য জানিয়েছে হজ হেল্প ডেস্ক। এয়ারলাইনস, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রের তথ্যের ভিত্তিতে এ বুলেটিন প্রকাশ করা হয়।

হজ অফিসের তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি হজযাত্রী পরিবহন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। সংস্থাটির ৬৩টি ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন ২৫ হাজার ৭৩ জন। এছাড়া সৌদি এয়ারলাইনসের ৪৯টি ফ্লাইটে গেছেন ১৮ হাজার ৪০২ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ২২টি ফ্লাইটে পৌঁছেছেন আরও ৮ হাজার ৮৮৯ জন হজযাত্রী।

মোট যাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৭১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় সৌদি পৌঁছেছেন ৪৮ হাজার ২৬৩ জন। চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের অনুমতি পেয়েছেন। হজ কার্যক্রম পরিচালনায় কাজ করছে ৬৬০টি এজেন্সি। এর মধ্যে ৩০টি প্রধান এবং ৬৩০টি সমন্বয়কারী এজেন্সি রয়েছে।

এদিকে সর্বশেষ তথ্য অনুযায়ী, সৌদি আরবে আরও একজন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ জনে। মৃতদের মধ্যে ১০ জন পুরুষ ও ৩ জন নারী। তাদের মধ্যে মক্কায় ১১ জন এবং মদিনায় ২ জন মারা গেছেন।

চলতি হজ মৌসুমের প্রথম ফ্লাইটটি ছেড়ে যায় বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাতে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিজি ৩০০১ নম্বর ফ্লাইটে ৪১৯ জন হজযাত্রী জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হন। ফ্লাইটটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

হজ অফিস জানিয়েছে, এ বছর সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজ পালন করবেন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী সোমবার (২৬ মে) সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে শুক্রবার (৩০ মে)। শেষ ফ্লাইটটি সোমবার (৩০ জুন) ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে