হামের টিকার সংকট নিয়ে রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক তদন্ত, অবহেলা পেলে ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক
| আপডেট: ১২ মে, ২০২৬, ০২:১৫ পিএম | প্রকাশ: ১২ মে, ২০২৬, ০২:১৫ পিএম
হামের টিকার সংকট নিয়ে রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক তদন্ত, অবহেলা পেলে ব্যবস্থা

দেশে হামের সংক্রমণ ও টিকার সংকট নিয়ে রাষ্ট্রীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে তদন্তের ঘোষণা দিয়েছে সরকার। হামের কারণে চার শতাধিক শিশুর মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, টিকার সংকট কেন তৈরি হলো এবং টিকাদানে কোনো অবহেলা ছিল কি না, তা খতিয়ে দেখা হবে।

মঙ্গলবার (১২ মে) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে তিনি বলেন, “দায়সারাভাবে কারও ওপর দায় চাপাতে নয়, প্রকৃত কারণ অনুসন্ধানের জন্যই তদন্ত করা হবে। যদি গাফিলতির প্রমাণ পাওয়া যায়, তাহলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।”

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। এই কমিটি হামের সংক্রমণ, টিকা সংগ্রহ, সরবরাহ ব্যবস্থা এবং টিকাদান কার্যক্রমে কোনো ত্রুটি ছিল কি না, তা পর্যালোচনা করবে।

ডা. জাহেদ উর রহমান বলেন, “হামের কারণে চার শতাধিক শিশুর মৃত্যু বড় একটি বিষয়। এই পরিস্থিতি গভীরভাবে তদন্ত করা প্রয়োজন।” তবে তিনি স্পষ্ট করে বলেন, দেশে হামের কারণে জরুরি অবস্থা জারির প্রয়োজন নেই। হাসপাতালগুলোতে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

একই সঙ্গে টিকাদান কর্মসূচির অগ্রগতির তথ্য তুলে ধরে তথ্য উপদেষ্টা বলেন, ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী ১ কোটি ৮০ লাখ শিশুকে এমআর টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। এরপরও কোনো শিশু বাদ পড়ে থাকলে নির্ধারিত কেন্দ্রে গিয়ে টিকা নিতে পারবে।

তিনি জানান, সরকার বড় পরিসরে ভ্যাকসিন সংগ্রহ করছে। ইউনিসেফকে ৮৩ দশমিক ৬ মিলিয়ন মার্কিন ডলার দেওয়া হয়েছে, যার মাধ্যমে ১০ ধরনের প্রায় ৯৫ মিলিয়ন ডোজ টিকা পাওয়া যাবে। মে মাসের শুরুতে দেশে আইপিভি, এমআর, টিডিসহ বিভিন্ন ধরনের টিকার চালান পৌঁছেছে। সেপ্টেম্বরের মধ্যে পুরো সরবরাহ সম্পন্ন হওয়ার পরিকল্পনা রয়েছে।

ব্রিফিংয়ে দেশের জ্বালানি পরিস্থিতি নিয়েও কথা বলেন ডা. জাহেদ উর রহমান। তিনি দাবি করেন, দেশে বর্তমানে কোনো জ্বালানি সংকট নেই এবং সরবরাহ স্বাভাবিক রয়েছে। একই সঙ্গে ইস্টার্ন রিফাইনারির সক্ষমতা বাড়াতে নতুন প্রকল্প নেওয়ার কথাও জানান তিনি।

যুক্তরাষ্ট্রের সঙ্গে বিদ্যমান বাণিজ্য চুক্তির বিষয়ে তথ্য উপদেষ্টা বলেন, সরকার চুক্তিটি বাতিলের পথে যাচ্ছে না। তবে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিশেষজ্ঞদের নিয়ে এটি পুনর্মূল্যায়ন করা হবে। “চুক্তিটি আরও কার্যকর ও দেশের স্বার্থবান্ধব করা যায় কি না, সেটিই দেখা হবে,” বলেন তিনি।

আপনার জেলার সংবাদ পড়তে