হাম ছড়িয়ে পড়ছে দেশে,

একদিনে আরও ৯ শিশুর মৃত্যু, শনাক্তের সংখ্যা ছাড়ালো হাজার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ১২ মে, ২০২৬, ০৩:৪৩ পিএম
একদিনে আরও ৯ শিশুর মৃত্যু, শনাক্তের সংখ্যা ছাড়ালো হাজার

দেশে ভাইরাসজনিত রোগ হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। গত ২৪ ঘণ্টায় হামে ও এর উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১০৫ জন সন্দেহভাজন রোগী শনাক্ত এবং ৮৭ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম মঙ্গলবার (১২ মে) দুপুরে এই তথ্য প্রকাশ করে। সেখানে বলা হয়, ১১ মে সকাল ৮টা থেকে ১২ মে সকাল ৮টা পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে এই পরিস্থিতি রেকর্ড করা হয়েছে।

প্রকাশিত তথ্য অনুযায়ী, মৃত ৯ শিশুর মধ্যে ৩ জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত ছিল। বাকি ৬ জন মারা গেছে হামের উপসর্গ নিয়ে, যাদের ক্ষেত্রে পরীক্ষায় নিশ্চিত রোগ শনাক্ত হয়নি। নতুন আক্রান্তদের মধ্যে গুরুতর রোগীর সংখ্যাও বাড়ছে বলে স্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করছেন।

দেশে গত কয়েক মাস ধরেই হামের সংক্রমণ বাড়ছে। বিশেষ করে শিশুদের মধ্যে এই রোগ দ্রুত ছড়িয়ে পড়ছে বলে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যেই উঠে এসেছে। পরিস্থিতি সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে সিলেট বিভাগে। সিলেট জেলায় গত ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, ১৫ মার্চ থেকে শুরু হওয়া এই প্রাদুর্ভাবে এখন পর্যন্ত সন্দেহভাজন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫১ হাজার ৫৬৭ জনে। এর মধ্যে ল্যাব পরীক্ষায় নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ৭ হাজার ২৪ জনের শরীরে।

একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৬ হাজার ৮৮১ জন রোগী। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩২ হাজার ৮৭৭ জন। তবে মৃত্যু পরিস্থিতি ক্রমেই উদ্বেগ বাড়াচ্ছে। এই সময় পর্যন্ত মোট ৪২৪ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে ৬৮ জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত ছিলেন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, টিকাদান কর্মসূচির বাইরে থাকা শিশুদের মধ্যে ঝুঁকি সবচেয়ে বেশি। তারা নিয়মিত টিকা গ্রহণের ওপর জোর দিচ্ছেন। পাশাপাশি দ্রুত রোগ শনাক্ত ও চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, দেশের সব হাসপাতালে জরুরি ভিত্তিতে চিকিৎসা কার্যক্রম চালু রাখা হয়েছে। একই সঙ্গে অভিভাবকদের প্রতি অনুরোধ জানানো হয়েছে, শিশুর শরীরে জ্বর, র‍্যাশ বা হামের উপসর্গ দেখা দিলে দ্রুত স্বাস্থ্যকেন্দ্রে নেওয়ার জন্য।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিভিন্ন পূর্ববর্তী প্রতিবেদনেও বলা হয়েছে, হামের মতো সংক্রামক রোগ নিয়ন্ত্রণে টিকাদানই সবচেয়ে কার্যকর উপায়। বাংলাদেশেও টিকা কর্মসূচি জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

আপনার জেলার সংবাদ পড়তে