সুন্দরবনের জলদস্যু দলের প্রধান মো. জাহিদুল ইসলাম ওরফে “মেজো জাহাঙ্গীর”কে অস্ত্র ও গোলাবারুদসহ গ্রেপ্তার করা হয়েছে। কোস্ট গার্ডের সদস্যরা মঙ্গলবার ভোরে সুন্দরবনে এক বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। কোস্ট গার্ডের মিডিয়া অফিসার লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন মঙ্গলবার সকালে এ তথ্য জানান।
তিনি বলেন, সুন্দরবন অঞ্চলে সক্রিয় সব জলদস্যু দলের বিরুদ্ধে কোস্ট গার্ড কঠোর অবস্থান বজায় রেখেছে। এই প্রচেষ্টার অংশ হিসেবে কোস্ট গার্ডের নেতৃত্বে “অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন”এবং “অপারেশন ম্যানগ্রোভ শিল্ড”শিরোনামে দুটি বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। চলমান অভিযানের ধারাবাহিকতায় কোস্ট গার্ড ‘অপারেশন ম্যাংগ্রোভ শিল্ড’-এর চতুর্থ পর্ব পরিচালনা করে খুলনার দাকোপ উপজেলার শিবসা নদীর আদাচাই বন অফিস সংলগ্ন কালি খাল এলাকা থেকে কুখ্যাত মেজো জাহাঙ্গীর বাহিনীর প্রধানকে গ্রেপ্তার করা হয়। কোস্ট গার্ডের ভাষ্যমতে, জলদস্যু নেতা ওই এলাকায় অবস্থান করছেন এমন গোপন তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড বেস মংলা থেকে একটি বিশেষ দল মঙ্গলবার ভোররাত ১টার দিকে অভিযান চালিয়ে দুটি একনলা বন্দুক ও পাঁচটি তাজা কার্তুজসহ তাকে আটক করে। গ্রেপ্তারকৃত জলদস্যু মো. জাহিদুল ইসলাম ওরফে মেজো জাহাঙ্গীর (৫৬) নড়াইল জেলার নাড়াগতি থানার বাসিন্দা। অভিযোগ উঠেছে, সে দীর্ঘদিন ধরে এই দলটির নেতৃত্ব দিচ্ছিল এবং সুন্দরবনে জেলে অপহরণ ও মুক্তিপণ আদায়সহ বিভিন্ন ডাকাতির সঙ্গে জড়িত ছিল। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। সুন্দরবনকে জলদস্যুমুক্ত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কোস্টগার্ড।