নীলফামারীতে ৮৮১ নারী নির্যাতনের ঘটনায় মামলা হয়েছে ৯৯ টি

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ১৩ মে, ২০২৬, ১১:৩৬ এএম
নীলফামারীতে ৮৮১ নারী নির্যাতনের ঘটনায় মামলা হয়েছে ৯৯ টি

নীলফামারীতে গত বছরে ৮১১টি সহিংসতার ঘটনা ঘটে। এরমধ্যে ৭৯৯টি নারী নির্যাতন, ১২টি শিশু নির্যাতন ঘটনা রয়েছে এসব ঘটনায় মামলা হয়েছে মাত্র ৯৯টি। ১২ মে সদর উপজেলা পরিষদের সভাকক্ষে জেন্ডার সমতা ও বৈষম্য নিরসনে নাগরিক সম্পৃক্ততা-ফেসিং প্রকল্পের উদ্যোগে অনুষ্ঠিত পরামর্শ সভায় এই তথ্য জানানো হয়।

উপজেলা নাগরিক প্ল্যাটফর্মের সভাপতি আকতারুল আলম রাজুর সভাপতিত্বে সভার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুবাশ্বিরা আমাতুল্লাহ।

এতে উল্লেখ করা হয় সহিংসতার মধ্যে শারীরীক নির্যাতন ২২২টি, ভয়ভীতি ১১০টি, গৃহ নির্যাতন ৯৫টি, জমি জমা সংক্রান্ত ৭৫টি, আর্থিক ৫৪টি, যৌতুক ৫০টি, ধর্ষণ চেষ্টা ২৮টি, চুরি ছিনতাই ২৩টি, অপহরণ ১৯টি, অনলাইন হয়রানী ১৬টি, ধর্ষণ ৮টি, ইভটিজিং ৬টি এবং অন্যান্য ৬টি। ডেমক্রেসিওয়াচ’র নির্বাহী পরিচালক ওয়াজেদ ফিরোজ সভায় স্বাগত বক্তব্য দেন। এতে জেন্ডার ভিত্তিক সহিংসতা পরিস্থিতি উপস্থাপন করেন ডেমক্রেসিওয়াচের আউটরিচ কো-অর্ডিনেটর আব্দুস সেলিম।

নীলফামারী থানার পরিদর্শক (তদন্ত) জিল্লুর রহমান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ফিরোজ হোসেন, সাংবাদিক নুর আলম, সদর উপজেলা পরিষদের সাবেক নারী ভাইস চেয়ারম্যান দৌলত জাহান ছবি, এ্যাডভোকেট আলপনা রায় প্রমুখ বক্তব্য দেন।

ডেমক্রেসিওয়াচের আউটরিচ কো-অর্ডিনেটর আব্দুস সেলিম জানান, আমরা থানা, আদালত, মহিলা বিষয়ক কার্যালয়, ইউনিয়ন পরিষদ, নাগরিক প্ল্যাটফর্ম ও স্থানীয় পত্রিকা থেকে এই তথ্য সংগ্রহ করি। এরচেয়ে বেশি নির্যাতনের ঘটনা রয়েছে যেগুলো আমরা সংগ্রহ করতে পারিনি।

তিনি বলেন, নীলফামারী সদর উপজেলার মধ্যে নির্যাতনের দিক থেকে টুপামারী, গোড়গ্রাম, সংগলশী ও সোনারায় ইউনিয়নকে আমরা ঝুঁকিপুর্ণ ইউনিয়ন হিসেবে চিহিৃত করেছি। সামাজিক প্রতিরোধের অভাব, সমাজ কাঠামোয় নারীর দুর্বল অবস্থান, আইনের প্রয়োগিক দুর্বলতা, বিলম্বিত বিচার প্রক্রিয়া ও মামলার জট, রাজনৈতিক লেজুরবৃত্তিম সামাজিক অবস্থান ও মান সম্মানের ভয়ে অনেক ঘটনা গোপন করার কারণে নির্যাতনের ঘটনা বেড়েই চলছে।

আপনার জেলার সংবাদ পড়তে