হামে মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে তদন্তের হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ১৩ মে, ২০২৬, ১২:৫১ পিএম
হামে মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে তদন্তের হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর
ফাইল ছবি

দেশজুড়ে হাম সংক্রমণে শিশু মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় দায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, পরিস্থিতি অনেকটা প্রাকৃতিক দুর্যোগের মতো হলেও এই সংকটের পেছনে কারা দায়ী, তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার (১৩ মে) সকালে সচিবালয়ে চীনা প্রতিষ্ঠান সিনোভ্যাক ফাউন্ডেশনের পক্ষ থেকে পোলিও ভ্যাকসিন গ্রহণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সরকারকে ৩ লাখ ৮০ হাজার ডোজ পোলিও ভ্যাকসিন অনুদান দেয় প্রতিষ্ঠানটি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, “হাম সংক্রমণ পরিস্থিতি প্রাকৃতিক দুর্যোগের মতো ছিল। তবে সরকার অনেকটাই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।” তিনি জানান, দেশের বেশির ভাগ জেলায় টিকাদান কার্যক্রম শেষ হয়েছে এবং বাকি শিশুদেরও দ্রুত টিকার আওতায় আনা হবে।

একই অনুষ্ঠানে শিশুদের পুষ্টি সুরক্ষায় নতুন কর্মসূচির কথাও জানান তিনি। স্বাস্থ্যমন্ত্রীর ভাষায়, “আগামী জুনের মধ্যে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো শুরু হবে।”

হাম পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, “এই ভয়াবহ পরিস্থিতির পেছনে কারা দায়ী, তা তদন্ত করে দেখা হবে। প্রয়োজন হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

দেশজুড়ে হামের বিস্তার নিয়ে স্বাস্থ্যখাতে উদ্বেগ বাড়ছে। সময়মতো টিকা না পাওয়ায় অনেক শিশু সংক্রমণের শিকার হয়েছে বলে মনে করছেন চিকিৎসকরা। বিভিন্ন হাসপাতালে শিশু মৃত্যুর ঘটনায় স্বজনদের কান্না আর উৎকণ্ঠা এখন নিয়মিত দৃশ্য হয়ে উঠেছে।

স্বাস্থ্যসংশ্লিষ্টরা বলছেন, একসময় যে রোগে মৃত্যুহার প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছিল, সেই হাম আবার ভয়াবহ আকারে ফিরে আসা বড় সতর্ক সংকেত। বর্তমানে ৬ মাস থেকে ৫ বছর বয়সী প্রায় ৯৮ শতাংশ শিশুকে টিকার আওতায় আনার দাবি করা হলেও সংক্রমণ পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।

চিকিৎসকদের মতে, নিয়মিত টিকাদান কার্যক্রমে ঘাটতি, দেরিতে শনাক্তকরণ এবং সচেতনতার অভাব পরিস্থিতিকে জটিল করেছে। তাই শুধু জরুরি টিকাদান নয়, দীর্ঘমেয়াদি জনস্বাস্থ্য পরিকল্পনাও এখন জরুরি হয়ে উঠেছে।

আপনার জেলার সংবাদ পড়তে