স্বামী পরিচয়ে বাসা ভাড়া, ১৩ দিন পর মিলল তরুণীর মরদেহ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ১৩ মে, ২০২৬, ১২:৫৯ পিএম
স্বামী পরিচয়ে বাসা ভাড়া, ১৩ দিন পর মিলল তরুণীর মরদেহ

ঝিনাইদহ শহরের একটি ভাড়াবাসা থেকে খুশি খাতুন নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্বামী-স্ত্রী পরিচয়ে প্রায় দুই সপ্তাহ আগে বাসা ভাড়া নেওয়া ওই দম্পতির মধ্যে যুবকটি এখন পলাতক। ঘটনার পর থেকেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বুধবার (১৩ মে) সকালে শহরের পাগলাকানাই জামে মসজিদ এলাকার সায়াদাতিয়া সড়কের পাশের একটি টিনশেড বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত খুশি খাতুনের বয়স ১৮ থেকে ২২ বছরের মধ্যে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। তিনি সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার আদালতপুর গ্রামের শহিদুল মোড়লের মেয়ে।

পুলিশ ও স্থানীয়দের ভাষ্য, প্রায় ১৩ দিন আগে এক যুবক স্বামী পরিচয়ে খুশিকে নিয়ে বাসাটি ভাড়া নেন। মাসিক এক হাজার টাকা ভাড়ায় তারা সেখানে বসবাস শুরু করেন। মঙ্গলবার রাতেও ওই যুবকের সঙ্গে খুশিকে বাসায় ফিরতে দেখা যায়।

পরদিন সকাল গড়িয়ে গেলেও ঘরের দরজা না খোলায় বাড়ির মালিক ও প্রতিবেশীদের সন্দেহ হয়। অনেক ডাকাডাকির পরও ভেতর থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। পরে পেছনের দরজা খোলা দেখে ঘরে ঢুকে তারা মেঝেতে পড়ে থাকা খুশির মরদেহ দেখতে পান।

স্থানীয়রা জানান, মরদেহের হাত-পা বাঁধা ছিল। আবার কেউ কেউ গলায় ফাঁসের দাগ দেখেছেন বলেও জানিয়েছেন। ঘটনাস্থলে একটি ওড়নাও পড়ে ছিল। পরে খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

নিহত খুশি সম্প্রতি পাগলাকানাই মোড়ের ‘আন্তরিক হোটেল’ নামে একটি খাবারের হোটেলে কাজ শুরু করেছিলেন। হোটেলটির মালিক রফিক আনোয়ার সাবু বলেন, “খুশি প্রায় ১৫ দিন আগে কাজে যোগ দেয়। মঙ্গলবার রাত ১০টা পর্যন্ত কাজ করে বাসায় যায়। সকালে তার মৃত্যুর খবর শুনেছি।”

বাসার মালিক বেবি খাতুন জানান, খুশির সঙ্গে থাকা যুবকের নাম সোহাগ হোসেন। তিনি নিজেকে রিকশাচালক পরিচয় দিয়েছিলেন। “মঙ্গলবার রাতেও দুজন একসঙ্গে বাসায় ফেরে। সকালে অনেক বেলা হলেও দরজা না খোলায় সবাই সন্দেহ করে,” বলেন তিনি।

ঝিনাইদহ সদর থানার ওসি আসাদুজ্জামান বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্বাসরোধ করে তরুণীকে হত্যা করা হয়েছে।” তিনি আরও জানান, পলাতক যুবককে আটক এবং হত্যার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।

ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড কি না, নাকি ব্যক্তিগত সম্পর্কের জেরে এ ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

আপনার জেলার সংবাদ পড়তে