জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরে এক ছাত্রীকে ঝোপে টেনে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, মঙ্গলবার (১২ মে) গভীর রাতে পুরাতন ফজিলাতুন্নেছা হল ও আল বেরুনী হলের সম্প্রসারিত অংশসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। পরে এ ঘটনায় আশুলিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।
ভুক্তভোগী বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভাষ্য অনুযায়ী, রাত ১১টার কিছু পরে তিনি ক্যাম্পাসের একটি সড়ক দিয়ে হাঁটছিলেন। এ সময় এক অজ্ঞাত ব্যক্তি তাকে অনুসরণ করতে থাকে। পরে পরিত্যক্ত ফজিলাতুন্নেছা হলসংলগ্ন এলাকায় পৌঁছালে ওই ব্যক্তি তার গলায় জাল বা দড়িসদৃশ কিছু পেঁচিয়ে পাশের ঝোপে টেনে নিয়ে যায়।
ঠিক সেই সময় মোটরসাইকেলে করে কয়েকজন শিক্ষার্থী ঘটনাস্থল পার হচ্ছিলেন। ছাত্রীর চিৎকার শুনে তারা দ্রুত সেখানে ছুটে গেলে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যায়। পরে ঝোপের পাশ থেকে আতঙ্কিত অবস্থায় ওই শিক্ষার্থীকে উদ্ধার করা হয়।
বাংলা বিভাগের ৪৩তম আবর্তনের শিক্ষার্থী সাফিকুল ইসলাম বলেন, “চিৎকার শুনে আমরা মোটরসাইকেল থামিয়ে ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে এক ছাত্রীকে ভীতসন্ত্রস্ত অবস্থায় দেখতে পাই।”
ঘটনার পরপরই বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখা ও প্রক্টরিয়াল বডির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। ভুক্তভোগীকে প্রাথমিক চিকিৎসার জন্য বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নেওয়া হয়। একই সঙ্গে শুরু হয় সিসিটিভি ফুটেজ পর্যালোচনা।
বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার ডেপুটি রেজিস্ট্রার মো. জেফরুল হাসান চৌধুরী বলেন, “রাত সোয়া ১১টার দিকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। পুরো এলাকা তল্লাশি করা হলেও অভিযুক্তকে পাওয়া যায়নি। তবে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আমরা প্রাথমিকভাবে একজনকে শনাক্ত করতে সক্ষম হয়েছি।”
তিনি আরও জানান, বুধবার (১৩ মে) সকালে অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে আশুলিয়া থানায় ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার মামলা করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম ঘটনাটিকে “অত্যন্ত ন্যক্কারজনক” উল্লেখ করে বলেন, “ফুটেজে অভিযুক্ত ব্যক্তির মুখ দেখা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নন।”
ক্যাম্পাসের ভেতরে এমন ঘটনায় শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে রাতের বেলায় পরিত্যক্ত ভবন ও নির্জন এলাকাগুলোতে নিরাপত্তা জোরদারের দাবি তুলেছেন শিক্ষার্থীরা।