কোরবানির ঈদ সামনে রেখে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হতেই যাত্রীদের চাপে কার্যত ভেঙে পড়ে অনলাইন প্ল্যাটফর্ম। বুধবার (১৩ মে) সকাল ৮টায় পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হওয়ার এক ঘণ্টার মধ্যেই প্রায় সব টিকিট শেষ হয়ে যায়। রেলওয়ে জানিয়েছে, প্রথম আধাঘণ্টাতেই টিকিট কাটতে প্রায় ৬০ লাখ হিট পড়ে।
বাংলাদেশ রেলওয়ের তথ্য অনুযায়ী, এদিন বিক্রি হয়েছে ২৩ মে যাত্রার টিকিট। ঈদ উপলক্ষে পূর্ব ও পশ্চিমাঞ্চল মিলিয়ে ৪৩টি আন্তঃনগর ট্রেনে মোট আসন রয়েছে ৩১ হাজার ২৪০টি। এর মধ্যে পশ্চিমাঞ্চলে ১৫ হাজার ২৬৬টি এবং পূর্বাঞ্চলে ১৫ হাজার ৯৭৪টি আসন রাখা হয়েছে।
কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার মো. কবির উদ্দিন মোল্লা জানান, “২৩ মের পশ্চিমাঞ্চলের টিকিট সকাল ৯টার মধ্যেই শেষ হয়ে গেছে। দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে।”
রেলওয়ে সূত্র বলছে, সকাল সাড়ে ৮টা পর্যন্ত পশ্চিমাঞ্চলের ১৪ হাজার ৫৩৫টি টিকিট বিক্রি হয়ে যায়। পরে সকাল সাড়ে ১০টা নাগাদ বিক্রি হওয়া টিকিটের সংখ্যা দাঁড়ায় ১৫ হাজার ১৪৮টিতে। ফলে দিনের শুরুতেই অধিকাংশ যাত্রী টিকিট সংগ্রহে হিমশিম খেয়েছেন।
এবারও শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হচ্ছে। বাংলাদেশ রেলওয়ে যাত্রীদের শুধু সরকারি ওয়েবসাইট ও ‘রেল সেবা’ অ্যাপ ব্যবহার করার অনুরোধ জানিয়েছে। একই সঙ্গে ফেসবুক পেজ বা অননুমোদিত মাধ্যম থেকে টিকিট না কেনারও সতর্কতা দেওয়া হয়েছে।
রেলওয়ে জানিয়েছে, ঈদের আগে মোট পাঁচ দিনের অগ্রিম টিকিট বিক্রি করা হবে। বুধবার (১৩ মে) বিক্রি হয়েছে ২৩ মের টিকিট। বৃহস্পতিবার (১৪ মে) মিলবে ২৪ মের টিকিট, শুক্রবার (১৫ মে) ২৫ মের, শনিবার (১৬ মে) ২৬ মের এবং রোববার (১৭ মে) বিক্রি হবে ২৭ মের যাত্রার টিকিট।
ঈদের ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে বুধবার (২১ মে) থেকে। সেদিন থেকে পর্যায়ক্রমে ৩১ মে থেকে ৪ জুন পর্যন্ত ফিরতি টিকিট বিক্রি করা হবে।
রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, একজন যাত্রী একবারে সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন। তবে ঈদের অগ্রিম যাত্রার টিকিট ফেরতযোগ্য নয়।
যেসব যাত্রী অনলাইনে টিকিট পাবেন না, তাদের জন্য যাত্রার দিন মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট স্টেশন কাউন্টার থেকে বিক্রি করা হবে। উচ্চ শ্রেণির ক্ষেত্রে এই সুবিধা থাকবে না।
ঈদযাত্রার বাড়তি চাপ সামাল দিতে এবার ৫ জোড়া বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে। পাশাপাশি কোরবানির পশু পরিবহনের জন্য দুটি ‘ক্যাটল স্পেশাল’ ট্রেন চালানো হবে। ট্রেন দুটি ২২ ও ২৩ মে দেওয়ানগঞ্জ বাজার ও ইসলামপুর বাজার থেকে ছেড়ে কমলাপুর, তেজগাঁও ও ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনে পৌঁছাবে।
প্রতিবছরের মতো এবারও ঈদযাত্রায় ট্রেনের টিকিট নিয়ে যাত্রীদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে। অনলাইনে অতিরিক্ত চাপের কারণে অনেকেই কাঙ্ক্ষিত টিকিট পাননি বলে অভিযোগ করেছেন।