ভারতের হিলি এক্সপোর্টার্স অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্টস অ্যাসোসিয়েশনের সাবেক সম্পাদক সঞ্জিত মজুমদারের মৃত্যুতে শোক প্রকাশ করে এক বেলা আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ভারতীয় ব্যবসায়ীরা। বুধবার (১৩ মে) ভারতীয় হিলি এক্সপোর্টার্স অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পাঠানো এক শোকবার্তায় জানানো হয়, সাবেক সম্পাদক সঞ্জিত মজুমদার গত ১২ মে রাত ২টার দিকে পরলোকগমন করেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে আগামী বৃহস্পতিবার (১৪ মে) দুপুর ২টা পর্যন্ত হিলি স্থলবন্দরে সকল আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে বাংলাহিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান জানান, ভারতীয় ব্যবসায়ীদের সিদ্ধান্তের কারণে বৃহস্পতিবার দুপুর ২টা পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। এরপর পুনরায় যথারীতি কার্যক্রম শুরু হবে।