বড়দলে মাদকসেবীদের মারপিটে আহত ৪

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) : | প্রকাশ: ১৩ মে, ২০২৬, ০৭:৪৮ পিএম
বড়দলে মাদকসেবীদের মারপিটে আহত ৪

আশাশুনি উপজেলার বড়দলে মাদক সেবনে বাঁধা দেওয়ায় মাদকাসক্তদের মারপিটে ৪ জন আহত হয়েছে। গুরুতর আহত ২ জনকে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ৯ জনের নাম উল্লেখ করে থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে। 

বড়দল (উত্তর পাড়া) গ্রামের মৃত নওয়াব আলী সানার ছেলে আব্দুস সবুর সানা বাদী হয়ে দাখিলকৃত এজাহার ও বাদী জানান, আমার ছেলে সোহেল ও ভাই কবির ৮ নং ওয়ার্ডে সরকারি আদর্শ গ্রামে বসবাস করে। বড়দল গ্রামের মাদকসেবী জলিল শেখ, এনামুল ঢালী, মালেক শেখ, আজিজুল হক (রাঙ্গা), জনাব গাজী, আলমগীর ঢালী, রাজু সানা, নয়ন গাজী ও ফরিদ সরদার বহিরাগতদের নিয়ে আদর্শ গ্রামে মাদক সেবন করে। এতে এলাকার পরিবেশ নষ্ট হওয়ায় আমার ভাই কবীর ও ছেলে সোহেল তাদের নিষেধ করলে উল্টো তারা তাদের হুমকি ধামকি দেয়। ঘটনার জের ধরে গত সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উল্লেখিত মাদকসেবী সহ ২০/২৫ জন আমার ছেলের ঘরের সামনে গিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। ছেলে প্রতিবাদ করলে তারা দা, লাঠিসোটা নিয়ে হামলা চালিয়ে তাকে গুরুতর জখম করে। তাকে ঠেকাতে গিয়ে আমি, আমার বৌমা আসমা খাতুন ও ভাই কবীর তাদের মারপিটে রক্তাক্ত জখম হয়েছি। আমাদের ডাক চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে পৌঁছালে তারা থানাপুলিশ করলে দেখে নেবো বলে হুমকি দিয়ে চলে যায়। গুরুতর আহত সোহেল ও কবীরকে আশাশুনি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে অভিযুক্ত আলমগীর ঢালীর কাছে জানতে চাইলে তিনি বলেন, সবুর সানা জলিল শেখের কাছ থেকে আদর্শ গ্রামের সরকারি ঘর দেবে বলে ৮ হাজার টাকা নিয়ে তাল বাহানা করছে। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে সামান্য মারপিটের ঘটনা ঘটেছে।

আপনার জেলার সংবাদ পড়তে