এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি নির্ধারণ নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১৪ মে) বিকেল ৩টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে পরীক্ষার সম্ভাব্য রুটিন, সময়সূচি পুনর্গঠন এবং সংশ্লিষ্ট সিদ্ধান্ত তুলে ধরবেন শিক্ষা ও প্রাথমিক গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুল্লাহ শিবলী সাদিক জানিয়েছেন, এসএসসি ও এইচএসসি পরীক্ষার সম্ভাব্য সময়সূচি এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে বিস্তারিত জানাতেই এই জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। মন্ত্রণালয়ের পাশাপাশি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বশীলরাও সেখানে উপস্থিত থাকবেন।
পরীক্ষার সময়সূচি নিয়ে সাম্প্রতিক সময়ে শিক্ষা প্রশাসনে ব্যাপক আলোচনা চলছে। বিশেষ করে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা কবে শুরু হবে, তা নিয়ে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে নানা মতামত উঠে এসেছে। সরকার প্রতিবছর ডিসেম্বরের মধ্যেই পাবলিক পরীক্ষা শেষ করার পরিকল্পনা নিয়ে কাজ করলেও পরীক্ষার সময় এগিয়ে আনার প্রস্তাবে অনেকেই আপত্তি জানিয়েছেন।
এই প্রেক্ষাপটে বুধবার (১৩ মে) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক। সেখানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা পরীক্ষার সময়সূচি নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন।
সভা সূত্রে জানা গেছে, ২০২৭ সালের এসএসসি পরীক্ষা ডিসেম্বরের শেষ দিকে শুরু করে জানুয়ারি মাসজুড়ে নেওয়ার একটি প্রাথমিক পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানো হয়নি।
শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, পরীক্ষার রুটিন নির্ধারণে শিক্ষার্থীদের প্রস্তুতি, পাঠ্যক্রমের চাপ, শিক্ষাবর্ষের ধারাবাহিকতা এবং জাতীয় শিক্ষাক্যালেন্ডারকে গুরুত্ব দেওয়া হচ্ছে। একই সঙ্গে দীর্ঘমেয়াদে পাবলিক পরীক্ষার সময়সূচি নতুনভাবে সাজানোর পরিকল্পনাও বিবেচনায় রয়েছে।
সংশ্লিষ্টদের ধারণা, বৃহস্পতিবারের সংবাদ সম্মেলন থেকেই এসএসসি ও এইচএসসি পরীক্ষার চূড়ান্ত সময়সূচি সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যেতে পারে।