ক্যানসারের কাছে হার মানলেন ক্ষেতলাল থানার কনস্টেবল মিজান

এফএনএস (মোঃ হাসান আলী মন্ডল; ক্ষেতলাল, জয়পুর হাট) : | প্রকাশ: ১৪ মে, ২০২৬, ০৭:২৯ পিএম
ক্যানসারের কাছে হার মানলেন ক্ষেতলাল থানার কনস্টেবল মিজান

ক্যানসারের মতো মরণব্যাধিতে আকক্রান্ত হয়ে ফেরার দেশে চলে গেলেন জয়পুরহাটের ক্ষেতলাল থানায় কর্মরত পুলিশ কনস্টেবল মিজানুর রহমান মিজান । মৃত্যু কালে তাঁর বয়স ছিল ৫৭ বছর। বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ ও ক্যানসার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মিজানুর রহমান বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার নারায়ণ শহর গ্রামের বাসিন্দা। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় এক মাস আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মিজানুর রহমান। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হলে বিভিন্ন পরীক্ষার মাধ্যমে তার শরীরে শেষ পর্যায়ের ক্যানসার ধরা পড়ে। অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাকে বাড়িতে পাঠিয়ে দেন। পরবর্তীতে শারীরিক অবস্থার আরও অবনতি হলে তাকে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ ও ক্যানসার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তার মৃত্যুতে ক্ষেতলাল থানা পুলিশ সদস্যদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মীদের পাশাপাশি নিজ গ্রামেও চলছে শোকের মাতম। স্থানীয়রা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বাদ এশা জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ মোক্তাদির রহমান জানান, ক্যানসারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় কনস্টেবল মিজানুর রহমানের মৃত্যু হয়েছে। তার মৃত্যুতে জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার শোকবার্তা দিয়েছেন। এছাড়া জেলা পুলিশ ও পুলিশ হেডকোয়ার্টার্সের পক্ষ থেকে তার পরিবারকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে