ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে কালিয়াকৈরের চন্দ্রা ত্রিমোড় বাসস্ট্যান্ডে শতাধিক বাস কাউন্টার বন্ধ করে দিয়েছে পুলিশ।
টিকিট কাউন্টার বন্ধ করে দেওয়ায় লক্ষাধিক যাত্রী চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
সোমবার সকাল থেকে চন্দ্রা ত্রিমোড় এলাকায় ঈদযাত্রার চাপ বাড়তে শুরু করে। যানজট নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা রক্ষাকল্পে পুলিশ একযোগে শতাধিক বাস কাউন্টার বন্ধ করে দেয়।
যাত্রীদের অভিযোগ, কাউন্টার সচল থাকলে তারা টিকিট কেটে নিয়ম মেনে বাসে উঠতে পারতেন। কিন্তু কাউন্টার বন্ধ করে দেওয়ায় এখন যাত্রীরা মহাসড়কের ওপরই বাসের জন্য দৌড়াদৌড়ি করছেন। এতে সড়কে বিশৃঙ্খলা বেড়েছে, যানজট আরও তীব্র হয়েছে।
রংপুরগামী যাত্রী রফিকুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন,টিকেট কেটে বাসে উঠলে কোনো ঝামেলা হতো না। এখন কাউন্টারই বন্ধ। বাস ধরতে রাস্তায় দৌড়াতে হচ্ছে। মহিলা, শিশু নিয়ে কীভাবে যাব?
সড়কের দুই পাশে বাস, ট্রাক, প্রাইভেটকার ও মাইক্রোবাস আটকে আছে। এর মাঝেই হাতে ব্যাগ-বস্তা, শিশু কোলে নিয়ে হাঁটছেন হাজারো যাত্রী। গণপরিবহনের চাপ স্বাভাবিক সময়ের চেয়ে দ্বিগুণেরও বেশি। অনেকেই বাধ্য হয়ে ট্রাক, পিকআপ ও মোটরসাইকেলে করে ঝুঁকি নিয়ে রওনা দিচ্ছেন।
গাজীপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক দেওয়ান জসীমউদ্দিন জানান, মহাসড়কে যানজট নিরসনে সিনিয়র শ্রমিক নেতা সহ ২৫ জন শ্রমিক দায়িত্ব পালন করছে।
নাওজোড় হাইওয়ে পুলিশের ওসি সাওগাত আলম বলেন, অবৈধ কাউন্টার ও যত্রতত্র যাত্রী ওঠানামার কারণে যানজট তৈরি হচ্ছিল। শৃঙ্খলা ফেরাতেই কাউন্টারগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।
চন্দ্রা এলাকায় হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ, আনসার সদস্য এবং অন্যান্য আইন-শৃঙ্বলা বাহিনীর সদস্য সহ প্রায়১ হাজার ২০০ পুলিশ সদস্য মোতায়েন রয়েছে।
আব্দুল আলীম অভি
কালিয়াকৈর
০১৭১২৮৮৬২২৯