ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেছেন, ইসলাম শান্তি ও মানবতার একমাত্র ঠিকানা। ইসলামকে যে দেশের যারা যতটুকু অনুসরণ করেছে, তারা ততটুকু শান্তি ও কল্যাণ পেয়েছে। বিশ্বে যতগুলো ধর্ম আছে তার মধ্যে ইসলাম একমাত্র আল্লাহ কর্তৃক মনোনীত বিধান। ইসলামের বিধি-বিধান সকল যুগে সকল মানুষের জন্য সময়োপযোগী ও সার্বজনীন বিচার বব্যস্থা এবং কল্যাণকর বিধান। ইসলামের বিধানকে মধ্যযুগীয় বলা ইসলামী মূল্যবোধের প্রতি অবজ্ঞার শামিল এবং জ্ঞানপাপির পরিচায়ক। শনিবার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের মতিঝিল থানা শাখার তৃণমূল দায়িত্বশীল সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মতিঝিল থানা সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ রাসেলের সভাপতিত্বে এবং সেক্রেটারী মোহাম্মদ দেলোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিমময় সভায় প্রধান বক্তা ছিলেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র প্রার্থী হাফেজ মাওলানা শেখ ফজলুল করীম মারুফ। বিশেষ অতিথি ছিলেন দলের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি দেলাওয়ার হোসাইন সাকী, নগর দক্ষিণের প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, অধ্যাপক ফজলুল হক মৃধা। থানা নেতৃবৃন্দ, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেন, ধর্ষকের প্রকাশ্য মৃত্যুদণ্ডকে মধ্যযুগীয় বলে স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্য দেশের ধর্মপ্রাণ মানুষের অনুভূতিতে আঘাত এবং অপরাধ দমন ও কার্যকর বিচারব্যবস্থার প্রতি জনগণের প্রত্যাশাকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শণের শামিল। তিনি রামিসা হত্যাকাণ্ডের ঘটনায় ভুক্তভোগী পরিবারের হতাশা আসলে সমাজের বৃহত্তর অংশের দীর্ঘদিনের ক্ষোভ ও বিচারব্যবস্থার প্রতি অনাস্থার প্রতিফলন। নিপীড়ন, অবিচার ও নৈতিক অবক্ষয়ের অভিজ্ঞতা মানুষকে ইসলামী ন্যায়বিচার ও মূল্যবোধভিত্তিক সমাজব্যবস্থার প্রতি আরও আগ্রহী করে তুলেছে। তিনি অবিলম্বে স্বরাষ্ট্রমন্ত্রীকে তার বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানান।
মেয়রপ্রার্থী শেখ ফজলুল করীম মারুফ বলেন, জনপ্রত্যাশা বাস্তবায়নে আল্লাহভীরু মেয়র নির্বাচিত করতে হবে। যারা জনগণ ও আল্লাহর কাছে কৃতকর্মের জন্য ওয়াদাবদ্ধ থাকবে। আল্লাহ এবং জনগণের কাছে জবাবদিহির মানুসিকতা লালন করবেন এমন মেয়রপ্রার্থীকেই নির্বাচিত করতে হবে। তিনি বলেন, আওয়ামী ফ্যাসিবাদের দুঃশাসন, বিচারহীনতা ও রাষ্ট্রীয় ব্যর্থতার অভিজ্ঞতা থেকে উদ্ভূত জনমনের আকাঙ্ক্ষা পুরোপুরি বাস্তবায়নে ইসলামী শরীয়াহ বাস্তবায়নের বিকল্প নেই।