ঢাকা -টাঙ্গাইল মহাসড়ক

যাত্রীবাহী বাসের চেয়ে ট্রাকের দাপট বেশি

আব্দুল আলিম অভি; কালিয়াকৈর, গাজীপুর | প্রকাশ: ২৬ মে, ২০২৬, ১১:৪৪ এএম
যাত্রীবাহী বাসের চেয়ে ট্রাকের দাপট বেশি
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পণ্যবাহী ট্রাকের আধিপত্যের কারণে মহাসড়কে যানজট বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে ঈদকে সামনে রেখে মহাসড়কে যাত্রীবাহী বাসের পাশাপাশি শত শত ট্রাক, কাভার্ডভ্যান ও মালবাহী যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট ও চরম ভোগান্তি। যাত্রীদের অভিযোগ, মহাসড়কে এখন যাত্রীবাহী বাসের চেয়ে ট্রাকের দাপটই বেশি চোখে পড়ছে। মঙ্গলবার সকাল থেকে গাজীপুরের চন্দ্রা, কালিয়াকৈর, ও মৌচাক এলাকায় দেখা যায়, মহাসড়কের বেশিরভাগ এলাকা জুড়ে ট্রাকের আধিপত্য থাকায় যাত্রীবাহী বাসগুলোকে দীর্ঘ সময় আটকে থাকতে হচ্ছে। কোথাও কোথাও কয়েক কিলোমিটার এলাকাজুড়ে যানবাহনের দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। ঘরমুখো যাত্রীরা জানান, স্বাভাবিক সময়ে যে পথ পাড়ি দিতে এক ঘণ্টা লাগে, সেখানে এখন সময় লাগছে ৩/৪ ঘণ্টা। অতিরিক্ত ট্রাক চলাচল, বিকল যানবাহন এবং অসচেতনভাবে ওভারটেক করাকেই যানজটের অন্যতম কারণ বলে মনে করছেন তারা। মহাসড়কে চলাচলকারী বাসচালক ও যাত্রীরা বলেন, রাত বাড়ার সঙ্গে সঙ্গে ট্রাকের সংখ্যা আরও বেড়ে যায়। অনেক ট্রাক রাস্তার পাশে দাঁড়িয়ে থাকায় যান চলাচল ব্যাহত হচ্ছে। এছাড়া বিভিন্ন শিল্পকারখানার মালামাল বহনকারী যানবাহনের চাপও বেড়েছে। গাজীপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক দেওয়ান জসীম উদ্দিন বলেন, মহাসড়কে যানজট নিরসনে ও যাত্রা নির্বিঘ্ন করতে আমরা ২৫ জন শ্রমিক নিয়ে রাস্তায় দায়িত্ব পালন করছি। নাওজোর হাইওয়ে থানার ওসি সাওগাত আলম জানায়, মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। যানজট নিরসনে কাজ করছে একাধিক টিম। তবে অতিরিক্ত যানবাহনের চাপের কারণে মাঝে মধ্যেই ধীরগতি তৈরি হচ্ছে।
আপনার জেলার সংবাদ পড়তে