ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ব্যতিক্রমী মেহেদী উৎসব আয়োজন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন “বিশ্বজন”। মঙ্গলবার বিকেলে সুনামগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত এ আয়োজনে অংশ নেয় অর্ধশতাধিক সুবিধাবঞ্চিত শিশু। রঙিন ও আনন্দঘন পরিবেশে শিশুদের হাতে মেহেদী পরিয়ে দেওয়া হয়। পাশাপাশি তাদের সঙ্গে গল্প, হাসি-আনন্দ ও ঈদের শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে উৎসবটি প্রাণবন্ত হয়ে ওঠে। আয়োজনে অংশ নেওয়া শিশুদের মুখে ছিল আনন্দের হাসি, যা পুরো অনুষ্ঠানকে আরও আবেগঘন করে তোলে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বজন স্বেচ্ছাসেবী সংগঠনের উপদেষ্টা কুদরত পাশা, প্রতিষ্ঠাতা কর্ণ বাবু দাস, সভাপতি মাহবুবা জেবা, সাধারণ সম্পাদক ওবায়দুল হক, অর্থ সম্পাদক বাকী বিল্লাহ, দপ্তর সম্পাদক বর্না দাস, কার্যনির্বাহী সদস্য শ্রাবণী চৌধুরী, মমিনা, রনদয় সরকারসহ সংগঠনের অন্যান্য সদস্যরা। আয়োজকরা জানান, সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের মুখে সামান্য হাসি ফোটানোই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য। ঈদের আনন্দ যেন কোনো শিশু থেকে দূরে না থাকে, সেই ভাবনা থেকেই তাদের নিয়ে এই মেহেদী উৎসবের আয়োজন করা হয়েছে। সংগঠনের সভাপতি মাহবুবা জেবা বলেন, শিশুদের হাসিই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। সমাজের অবহেলিত শিশুদের পাশে দাঁড়িয়ে তাদের আনন্দের অংশ হতে পারাটা আমাদের জন্য গর্বের। মেহেদী লাগানোর পর আনন্দে উচ্ছ্বসিত শিশুরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। তারা জানান, এ ধরনের আয়োজন তাদের কাছে ঈদের আনন্দকে আরও বিশেষ করে তুলেছে।