ঈদ নিরাপত্তায় বরিশালজুড়ে র‌্যাব-৮ এর বিশেষ প্রস্তুতি

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ২৬ মে, ২০২৬, ০৭:৩৭ পিএম
ঈদ নিরাপত্তায় বরিশালজুড়ে র‌্যাব-৮ এর বিশেষ প্রস্তুতি

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে বরিশাল বিভাগজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র‌্যাব-৮। কোরবানির পশুর হাট, ঈদগাহ, বাস ও লঞ্চ টার্মিনাল, শপিংমল, নগরীর গুরুত্বপূর্ণ এলাকা এবং আবাসিক এলাকায় বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম। চাঁদাবাজি, জালনোট, ছিনতাই, সন্ত্রাসী কর্মকাণ্ডসহ যেকোনো ধরনের অপরাধ দমনে নেওয়া হয়েছে বহুমুখী নিরাপত্তা পরিকল্পনা। মঙ্গলবার  (২৬ মে) দুপুরে বরিশাল নগরীর রুপাতলী গরু ছাটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাব-৮ এর অধিনায়ক কমান্ডার মুহাম্মদ শাহাদত হোসেন, জি, এনপিপি, বিএন। সংবাদ সম্মেলনে র‌্যাব-৮ অধিনায়ক জানান, ঈদকে কেন্দ্র করে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে র‌্যাব-৮ এর আওতাধীন এলাকায় পর্যাপ্ত প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। বিভাগের বিভিন্ন জেলার গুরুত্বপূর্ণ কোরবানির পশুর হাটগুলো চিহ্নিত করে সেখানে সর্বমোট ২০টি পেট্রোল টিম মোতায়েন করা হয়েছে। এসব টিম সার্বক্ষণিক টহল কার্যক্রম পরিচালনা করবে।

তিনি বলেন, পশুর হাটে যাতে কোনো ধরনের চাঁদাবাজি, জোরপূর্বক টাকা আদায় বা ক্রেতা-বিক্রেতাদের হয়রানির ঘটনা না ঘটে সেজন্য বিশেষ নজরদারি রাখা হচ্ছে। প্রতিটি গুরুত্বপূর্ণ হাটে কন্ট্রোল রুম ও ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়েছে। এছাড়া আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে ড্রোনের মাধ্যমে হাট এলাকার সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে।

র‌্যাব অধিনায়ক আরও জানান, ঈদের সময় জালনোট চক্র সক্রিয় হয়ে ওঠে। তাই জাল টাকা শনাক্ত ও প্রতিরোধে কন্ট্রোল রুমগুলোতে অত্যাধুনিক জালনোট শনাক্তকারী মেশিন স্থাপন করা হয়েছে। সন্দেহজনক কোনো লেনদেন বা জাল টাকা শনাক্ত হলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে। ঈদের জামাতকে কেন্দ্র করেও বিশেষ নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান তিনি। বরিশাল বিভাগের বিভিন্ন ঈদগাহে গোয়েন্দা কার্যক্রম জোরদারের পাশাপাশি পর্যাপ্ত টহল দলের মাধ্যমে ঈদ জামাতের নিরাপত্তা নিশ্চিত করা হবে।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত নিরাপদ রাখতে বাস ও লঞ্চ টার্মিনালগুলোতে বাড়ানো হয়েছে নজরদারি। এছাড়া শপিংমল, বাজার ও নগরীর আবাসিক এলাকাগুলোতে সাদা পোশাকে গোয়েন্দা সদস্য মোতায়েন করা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থানগুলোতে চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম পরিচালনার পাশাপাশি নদীপথে বোট পেট্রোলও চালানো হচ্ছে। 

তিনি আরও বলেন, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যেকোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম, চাঁদাবাজি, জালনোট কারবার, ছিনতাই ও অন্যান্য অপরাধ দমনে র‌্যাবের গোয়েন্দা নজরদারি এবং আভিযানিক কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। র‌্যাব-৮ এর অধিনায়ক কমান্ডার মুহাম্মদ শাহাদত হোসেন বলেন, বরিশাল বিভাগের জনগণকে একটি নিরাপদ, স্বস্তিদায়ক ও আনন্দঘন ঈদ উপহার দিতে র‌্যাব-৮ সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে মাঠে কাজ করছে। যেকোনো ধরনের অপরাধ দমনে আমাদের সদস্যরা সর্বদা সজাগ রয়েছে। সংবাদ সম্মেলনে র‌্যাব-৮ এর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে