চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়নের টরকী কান্দা গ্রামে ঘূর্ণিঝড়ে গাছ উপড়ে টিনের একটি ঘরের ওপর পড়লে ঘুমন্ত অবস্থায় ফয়েজ আহমেদ (১১) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার(২৬ মে-২০২৬) সকাল সাড়ে ৫ টায় এ ঘটনাটি ঘটে। ফয়েজ আহমেদ টরকী কান্দা গ্রামের আবু তাহের ছেলে।
স্থানীয়রা জানান, ফজরের নামাজ পড়ে হঠাৎ করে প্রবল বেগে ঝড়- বৃষ্টি শুরু হয়। ঘূর্ণিঝড়ে ঘরের ওপর গাছ ভেঙে পড়ে। ঘর ভেঙে চুরমার হয়ে যায়। এ সময় এলাকাবাসী উদ্ধার কাজ করলেও ঘরে ঘুমন্ত থাকা ফয়েজ আহমেদের (১১) ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যু হয়। এলাকায় নেমে আসে শোকের ছায়া। ফয়েজ আহমেদের পিতা আবু তাহের ও তার পরিবার এ মৃত্যু কে মেনে নিতে পারছে না। ঈদের আগে এ মৃত্যু পরিবারের ওপর আকাশ ভেঙে পড়ার মতো। এ মৃত্যুর খবর শুনে শত শত মানুষ ভিড় করেন ফয়েজ আহমেদ কে দেখার জন্য।হৃদয় বিধারক দৃশ্য দেখে শোকে কাতর হয়ে পড়েন।