শোলাকিয়া ঈদগাহ ময়দানে

ঈদুল আজহার ১৯৯তম জামাত অনুষ্ঠিত হবে ৯টায়

এফএনএস (আমিনুল হক সাদি; কিশোরগঞ্জ) : | প্রকাশ: ২৭ মে, ২০২৬, ১২:০৩ পিএম
ঈদুল আজহার ১৯৯তম জামাত অনুষ্ঠিত হবে ৯টায়

দেশের সর্ববৃহৎ ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে এবার পবিত্র ঈদুল আজহার ১৯৯তম জামাত অনুষ্ঠিত হবে। ঈদের দিন সকাল ৯টায় একটি মাত্র জামাতের জন্য ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা প্রশাসন। ঈদ জামাতকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। বরাবরের মতো দূর-দূরান্তের মুসল্লিদের সুবিধার্থে ঈদের দিন ময়মনসিংহ ও ভৈরব থেকে ‘শোলাকিয়া স্পেশাল’ নামে দুটি বিশেষ ট্রেন চলাচল করবে। বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৯টায় পাঁচ স্তরের নিরাপত্তায় এ জামাত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে মাঠ পরিচালনা কমিটির সভাপতি জেলা প্রশাসক সোহানা নাসরিন।

মঙ্গলবার (২৬ মে) দুপুরে শোলাকিয়া ঈদগাহ ময়দান ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক সোহানা নাসরিন, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান এবং র‌্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের স্কোয়াড্রন লিডার মো. আলী নোমান পৃথকভাবে সাংবাদিকদের ব্রিফ করেন। পরে কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলামও ঈদ জামাতের সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কথা বলেন।

ঈফ জামাতে ইমামতি করবেন কিশোরগঞ্জ শহরের বড়বাজার জামে মসজিদের খতিব মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন হয়বতনগর এ. ইউ. কামিল মাদ্রাসার প্রভাষক মাওলানা জুবায়ের ইবনে আব্দুল হাই। এ ছাড়া প্রতি বছরের মতো সকাল ৮টায় সূর্যবালা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে নারীদের জন্য পৃথক ঈদ জামাত অনুষ্ঠিত হবে। সেখানে ইমামতি করবেন মাওলানা মোহাম্মদ সানাউল্লাহ এবং বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক আব্দুল কাইয়ুম।

মাঠ পরিচালনা কমিটির সভাপতি জেলা প্রশাসক সোহানা নাসরিন বলেন, প্রতি বছরের ন্যায় এবারও ঐতিহাসিক শোলাকিয়া ঈদ গাহ ময়দানে ১৯৯তম ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

তিনি আরও জানান, ঈদগাহ মাঠ ও পুরো শহরের নিরাপত্তায় প্রায় ৬০০ জন পুলিশ সদস্য, দুই প্লাটুন বিজিবি সদস্য এবং ৫৫ জন র‌্যাব সদস্য মোতায়েন থাকবে। মাঠে ৪টি ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়েছে এবং পুরো এলাকাকে ৮টি সেক্টরে ভাগ করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দায়িত্ব বণ্টন করা হয়েছে। পাশাপাশি ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে দায়িত্ব পালন করবেন।

এসময় মাঠ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো কামরুল হাসান মারুফ, এডিএম এরশাদুল আহমেদ,বিএনপি নেতা হাজী ইসরাঈল,আমিনুল ইসলাম আশফাকসহ গণমাধ্যমের প্রতিনিধিরা।

আপনার জেলার সংবাদ পড়তে