হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, দুই মাসে প্রাণহানি ৫৬০

এফএনএস | প্রকাশ: ২৭ মে, ২০২৬, ০৮:০০ পিএম
হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, দুই মাসে প্রাণহানি ৫৬০

সারা দেশে হামের প্রকোপ যেন থামছেই না। গত ২৪ ঘণ্টায় এই রোগের বিভিন্ন উপসর্গ নিয়ে আরও ৫টি শিশু মারা গেছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ১১৮ জন, যার মধ্যে ল্যাব পরীক্ষায় ৬২ জনের শরীরে নিশ্চিতভাবে হামের উপস্থিতি পাওয়া গেছে।

আজ বুধবার (২৭ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এই উদ্বেগজনক তথ্য জানা গেছে।

সরকারি হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে শুরু করে আজ ২৭ মে সকাল ৮টা পর্যন্ত—এই দুই মাসে সারা দেশে হাম এবং এর উপসর্গ নিয়ে মোট ৫৬০ জন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৮৮টি শিশুর মৃত্যু যে হামের কারণেই হয়েছে, তা পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে। বাকি ৪৭২ জন শিশু মারা গেছে হামের তীব্র উপসর্গ নিয়ে।

শুধু মৃত্যুই নয়, আক্রান্তের গ্রাফও দিন দিন ওপরের দিকে উঠছে। গত দুই মাসে ল্যাবরেটরিতে প্রমাণিত হামের রোগী শনাক্ত হয়েছে ৮ হাজার ৮৩৪ জন। তবে এর বাইরে আরও ৬৭ হাজার ৭৯ জন শিশু হামের নানা লক্ষণ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে।

সবচেয়ে ভীতি জাগাচ্ছে ঢাকা বিভাগের পরিস্থিতি। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যার দিক থেকে এই বিভাগটি তালিকার শীর্ষে রয়েছে। গত দুই মাসে শুধু ঢাকা বিভাগেই হাম ও এর উপসর্গে মারা গেছে ২৩৮টি শিশু, আর আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৭ হাজার ৭৯৪ জনে। চিকিৎসকেরা শিশুদের যেকোনো শারীরিক জটিলতায় অবহেলা না করে দ্রুত নিকটস্থ হাসপাতালে নেওয়ার পরামর্শ দিচ্ছেন।