জাতীয় ঈদগাহ

প্রধান জামাতে নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

এফএনএস | প্রকাশ: ২৮ মে, ২০২৬, ০৯:০৩ এএম
প্রধান জামাতে নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

রাজধানীর হাইকোর্ট-সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৮ মে) সকাল সাড়ে ৭টায় এই জামাত শুরু হয়।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় ঈদগাহ ময়দানে উপস্থিত হয়ে সাধারণ মানুষের সাথে ঈদের প্রধান নামাজ আদায় করেন।

প্রধান এই জামাতে আরও অংশ নেন সরকারের মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আবদুস সালাম, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং মুসলিম দেশগুলোর কূটনীতিকেরা।

ঈদের প্রধান জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক। দুই রাকাত ওয়াজিব নামাজ শেষে খুতবা পাঠ করা হয় এবং পরে দেশ ও দশের মঙ্গল কামনায় মোনাজাত অনুষ্ঠিত হয়।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) সার্বিক ব্যবস্থাপনায় ঈদের জামাতের জন্য জাতীয় ঈদগাহ মাঠকে পুরোপুরি প্রস্তুত করা হয়েছিল।

মাঠে পুরুষদের পাশাপাশি নারীদের নামাজ আদায়ের জন্য আলাদা ব্যবস্থা রাখা হয়। নারীদের জন্য পৃথক প্রবেশপথ, ওজু ও নামাজের সংরক্ষিত স্থান নির্ধারণ করা ছিল। এছাড়া মুসল্লিদের সুবিধার্থে পর্যাপ্ত ওজুখানাসহ একটি মেডিকেল টিমের উপস্থিতিও নিশ্চিত করা হয়। সব মিলিয়ে সাড়ে তিন হাজার নারীসহ প্রায় ৩৫ হাজার মুসল্লি আজ জাতীয় ঈদগাহে ঈদের নামাজ পড়েন।

আপনার জেলার সংবাদ পড়তে