প্রধানমন্ত্রীর নির্দেশে সিটি করপোরেশনের ২ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা

এফএনএস | প্রকাশ: ২৯ মে, ২০২৬, ১০:০০ পিএম
প্রধানমন্ত্রীর নির্দেশে সিটি করপোরেশনের ২ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা

কোরবানির পশুর বর্জ্য ও আগের জমে থাকা ময়লা নির্ধারিত সময়ে অপসারণ না হওয়ায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার বিকেলে রাজধানীর বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনের সময় তিনি এই নির্দেশনা দেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি।

তিনি জানান, হাতিরপুল, এলিফ্যান্ট রোড, গ্রিন রোড, ফার্মগেট ও কারওয়ান বাজার এলাকায় কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম ঘুরে দেখার সময় সংশ্লিষ্ট দুই কর্মকর্তার দায়িত্ব পালনে গাফিলতির অভিযোগ ওঠে। পরে তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা এবং সাময়িক বরখাস্ত করে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তারা হলেন-ঢাকা উত্তর সিটি করপোরেশনের জোন-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. সাদেকুর রহমান এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জোন-১ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা কাজী সালেহ মুস্তানজির। দুজনই উপসচিব পদমর্যাদার কর্মকর্তা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ঈদুল আজহা উপলক্ষে রাজধানীতে কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণে সরকার ও সিটি করপোরেশনগুলোকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। এর অংশ হিসেবেই মাঠপর্যায়ে কার্যক্রম তদারকিতে নেমেছেন প্রধানমন্ত্রী।

আপনার জেলার সংবাদ পড়তে