পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে গত তিন দিনে সাভার চামড়া শিল্পনগরীতে পাঁচ লাখের বেশি কাঁচা চামড়া ঢ়ুকেছে।
শনিবার (৩০ মে) বিকেলে চামড়া শিল্প নগরীর বিসিক কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. মেহরাজুল মাইয়ান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে শনিবার সকাল ১০টা পর্যন্ত ১ হাজার ৭১২টি ট্রাকে শিল্পনগরীতে এসেছে ৫ লাখ ২৭ হাজার ৬৭৬টি কাঁচা চামড়া। এর মধ্যে গরু ও মহিষের চামড়া রয়েছে ৫ লাখ ১১ হাজার ৫৪০টি এবং ছাগল-ভেড়ার চামড়া ১৬ হাজার ১৩৬টি।”
মেহরাজুল মাইয়ান আরো বলেন, “শিল্পনগরীতে আসা চামড়া দ্রুত সংরক্ষণ ও প্রক্রিয়াজাতের কাজ চলছে। ঈদের অতিরিক্ত চাপ সামাল দিতে বিসিক, শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়, জেলা প্রশাসন, স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। পাশাপাশি চামড়া পরিবহন ও ব্যবস্থাপনায়ও নেওয়া হয়েছে বাড়তি প্রস্তুতি।”
সরেজমিন শিল্পনগরী ঘুরে দেখা যায়, ট্যানারিগুলোতে একের পর এক ট্রাকে চামড়া প্রবেশ করছে। শিল্পনগরীর প্রধান ফটক থেকে শুরু করে ট্যানারির ভেতর পর্যন্ত কোথাও বড় ধরনের বিশৃঙ্খলা দেখা যায়নি। চামড়া আনলোড, সংরক্ষণ ও লবণজাত করার কাজে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা।
শিল্পনগরীর প্রধান ফটকে দায়িত্বপালনরত কর্মীরা জানান, বৃহস্পতিবার দুপুর ১২টায় সর্বপ্রথম কোরবানির পশুর চামড়া বহনকারী একটি গাড়ি শিল্পনগরীতে প্রবেশ করে। এরপর সময় বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে চামড়াবাহী ট্রাকের চাপ।
ট্যানারি সংশ্লিষ্টরা বলছেন, ঈদকে কেন্দ্র করে বছরের সবচেয়ে বড় মৌসুম হওয়ায় চামড়া সংগ্রহ ও সংরক্ষণে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে।