রামিসা হত্যা মামলায় আসামির বিরুদ্ধে সর্বোচ্চ সাজা চাইবে সরকার: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ৩১ মে, ২০২৬, ০১:৩৫ পিএম
রামিসা হত্যা মামলায় আসামির বিরুদ্ধে সর্বোচ্চ সাজা চাইবে সরকার: আইনমন্ত্রী

রাজধানীর মিরপুরে শিশু রামিসা হত্যা ও ধর্ষণ মামলায় আসামির বিরুদ্ধে আদালতের কাছে সর্বোচ্চ শাস্তি প্রার্থনা করবে সরকার। এমনটাই জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, মামলার তদন্তে পাওয়া তথ্য-প্রমাণের ভিত্তিতে আসামির সর্বোচ্চ সাজা নিশ্চিত হবে বলেই সরকারের প্রত্যাশা।

রোববার (৩১ মে) সকালে ঝিনাইদহের শৈলকূপা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ফুটবল ও আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী এ মন্তব্য করেন। ঝিনাইদহ জেলা পরিষদের উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রামিসা হত্যা মামলার বিচার প্রসঙ্গে মন্ত্রী বলেন, “আমাদের কাছে যে তথ্য-প্রমাণ আছে, তাতে আসামির সর্বোচ্চ সাজা নিশ্চিত হবে, এটাই আমাদের প্রত্যাশা।” তিনি বলেন, ন্যায়বিচার নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং আদালতের কাছে সর্বোচ্চ শাস্তির আবেদন জানানো হবে।

বিচারব্যবস্থার বর্তমান বাস্তবতা তুলে ধরে আইনমন্ত্রী বলেন, দেশে বর্তমানে প্রায় ৪৫ লাখ মামলা বিচারাধীন রয়েছে। বিচারক ও আইনজীবীর তুলনামূলক স্বল্পতার কারণে মামলাজট তৈরি হয়েছে। তবে গুরুত্বপূর্ণ ও আলোচিত মামলাগুলোর বিচার দ্রুত সম্পন্ন করার বিষয়ে সরকার গুরুত্ব দিচ্ছে।

সংবিধান সংশোধন কমিটির অগ্রগতি নিয়েও কথা বলেন মন্ত্রী। তিনি জানান, বিরোধী দলের পক্ষ থেকে কমিটিতে পাঁচজন সদস্য মনোনয়নের অনুরোধ জানানো হয়েছে। এ বিষয়ে তারা পরে সিদ্ধান্ত জানাবেন বলে অবহিত করেছেন। “আমরা এখন তাদের সিদ্ধান্তের অপেক্ষায় আছি,” বলেন তিনি।

অনুষ্ঠানে মাদকবিরোধী অবস্থানের কথাও তুলে ধরেন আইনমন্ত্রী। তিনি বলেন, মাদকের ভয়াবহতা থেকে সমাজ ও রাষ্ট্রকে রক্ষা করা সবার দায়িত্ব। এ জন্য সামাজিকভাবে সচেতনতা বাড়ানোর পাশাপাশি আইনি পদক্ষেপও জোরদার করা হবে। “মাদকের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না,” বলে হুঁশিয়ারি দেন তিনি।

সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচির প্রসঙ্গ টেনে মন্ত্রী জানান, সারা দেশে ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে পর্যায়ক্রমে দেশের সব এলাকায় কৃষক কার্ড চালু করা হবে। এছাড়া মসজিদের ইমাম ও মন্দিরের পুরোহিতদের জন্য সরকারিভাবে ভাতা চালুর বিষয়েও পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান তিনি।

জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. নোমান হোসেন, শৈলকূপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহফুজুর রহমান, শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির মোল্লাসহ স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে