সিলেটে পরকীয়ায় প্রেমের জেরে যুবক নিহত

এফএনএস (এইচ এম শহিদুল ইসলাম; সিলেট) : | প্রকাশ: ৩১ মে, ২০২৬, ০৬:৪০ পিএম
সিলেটে পরকীয়ায় প্রেমের জেরে যুবক নিহত

সিলেট নগরীর রায়নগর এলাকার দপ্তরীপাড়ায় পূর্ব শত্রুতার জেরে বন্ধুর ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় মো. হাবিল (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। রোববার সকালে সিলেট নগরীর দপ্তরীপাড়ার গোয়ালীছড়া খালসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এটি নিশ্চিত করেছেন সিলেট কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ খাঁন মোঃ মাইনুল জাকির। নিহত জুয়েল (২৬) ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার সিধলা ইউনিয়নের বাসিন্দা আব্দুর রহিমের ছেলে। তিনি বর্তমানে সিলেট নগরীর কোতোয়ালী থানাধীন রায়নগর দপ্তরীপাড়ার একটি কলোনিতে বসবাস করতেন। আটক হাবিল সিলেট মহানগরীর শাহপরাণ (রহ.) থানার বালুচর এলাকার বাসিন্দা মো. আলীর ছেলে। বর্তমানে পুলিশের হেফাজতে থাকা হামলাকারী যুবক মো. হাবিল দাবি করেছেন, বন্ধুত্বের সুযোগ নিয়ে জুয়েল তার স্ত্রীর সাথে অনৈতিক সম্পর্ক চালিয়ে যাচ্ছিলেন। বার বার নিষেধ করেও তাকে আটকানো যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জুয়েল ও হাবিলের মধ্যে দীর্ঘদিনের বিরোধ ছিল। রোববার সকাল ১১টার দিকে তাদের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে মারামারি শুরু হয়। একপর্যায়ে হাবিল জুয়েলকে পাশের গোয়ালীছড়া খালে ফেলে দেয় এবং সঙ্গে থাকা ধারালো চাকু দিয়ে একাধিক আঘাত করেন। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় জুয়েলকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একই সঙ্গে ঘটনাটি পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের হাতে আটক হাবিলকে উদ্ধার করে। এ সময় উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দেয়। পরে চিকিৎসার জন্য তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে জনতার কাছ থেকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।” পুলিশ হত্যাকাণ্ডের কারণ ও ঘটনার বিস্তারিত তদন্ত করছে।

আপনার জেলার সংবাদ পড়তে