পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় আজ রোববার সকালে উদ্ধার হওয়া দুটি লাশের আসল ঘটনা পুলিশ উদঘাটন করেছে। মৃতের পরিবার ও স্থানীয়রা ওই ঘটনাকে হত্যাকান্ড বললেও আজ দিনভর তদন্ত করে পুলিশ নিশ্চিত হয়েছে ওই দু’ব্যক্তি সদ্য খনন করা একটি পুকুরের মধ্যে মূল্যবান পিলার খুঁজতে গিয়ে মাটি চাপা পড়ে মারা গেছে।
মৃত দু’জন হলেন হলেন মৃত নুর মোহাম্মদের ছেলে আব্দুর রশিদ ও মো. কালু মিয়ার ছেলে মো: সাগর। এরা দু’জনেই উপজেলার আমড়াগাছিয়া গ্রামের বাসিন্দা। পুলিশ আজ রোববার সকালে মরদেহ দুটি উদ্ধার করে।
দুটি অস্বাভাবিক মৃত্যুর খবর পেয়ে পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী ও অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) পার্থ চক্রবর্তী ঘটনাস্থল পরিদর্শন করেন এবং তাদের উপস্থিতিতে জেলা পুলিশের বিভিন্ন গোয়েন্দা বিভাগ দিনভর তদন্ত শেষে নিশ্চিত হয়েছে ঘটনাটি কোনো হত্যাকান্ড নয়।
আজ রাত ৯ টায় পিরোজপুরের পুলিশ সুপার জানিয়েছেন, মঠবাড়িয়া উপজেলার আমড়াগাছিয়া গ্রামে সদ্য খনন করা একটি পুকুরে ওই মৃত দু’ব্যক্তিসহ আরো কয়েকজন মূল্যবান সীমানা পিলার পাওয়ার লোভে পুকুরের মধ্যে মাটি খুঁঁড়তে গিয়ে ৪ জন উপর থেকে পড়া মাটির নিচে চাপা পড়ে। অন্যরা দু’জনকে জীবীত উদ্ধার করতে পারলেও আব্দুর রশিদ ও মো: সাগর মাটি চাপায় মারা যায়। ওই সময় সাগরের পিতা মো. কালু মিয়াও উপস্থিত ছিলো বলে সে নিজে স্বীকার করেছেন। তিনি জানান, মৃতের দু’পরিবার ও স্থানীয়রা এ ঘটনাকে হত্যাকান্ড বললেও মূলত এটি কোনো হত্যাকান্ড নয়। লাশ ময়না তদন্তের জন্য পিরোজপুর জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং এঘটনায় অপমৃত্যুর মামলা প্রক্রিধীন বলে তিনি জানান।