রাজধানীতে ভ্যাপসা গরমে হাঁসফাঁস; নেই স্বস্তির খবর

এফএনএস প্রতিবেদক:
| আপডেট: ১ জুন, ২০২৬, ১২:১৯ পিএম | প্রকাশ: ১ জুন, ২০২৬, ১২:১৯ পিএম
রাজধানীতে ভ্যাপসা গরমে হাঁসফাঁস;  নেই স্বস্তির খবর
ছবি, সংগৃহীত

রাজধানী ঢাকায় তীব্র রোদ আর ভ্যাপসা গরমে হাঁসফাঁস অবস্থা বিরাজ করছে। চলছে মৃদু তাপপ্রবাহ, এর মধ্যেই নগরবাসীর জন্য নেই স্বস্তির খবর। আজও গরমের এ তীব্রতা কমার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে আজ সোমবার এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস।

পূর্বাভাসে জানানা হয়েছে, দুপুর পর্যন্ত ঢাকার আকাশ প্রধানত আংশিক মেঘলা থাকতে পারে। তবে মেঘের আনাগোনা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনাই বেশি।

আজ সকাল ৬টায় রাজধানীর তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ২৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। গতকাল (রোববার, ৩১ মে) ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ৩৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আজ দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

এদিকে, বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় গরমের অনুভূতি কিছুটা বাড়তে পারে। সকাল ৬টায় ঢাকার বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিলো ৮৬ শতাংশ।

আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা বেজে ৪২ মিনিটে এবং আগামীকাল (মঙ্গলবার, ২ জুন) সূর্যোদয় হবে ভোর ৫টা বেজে ১১ মিনিটে।

অন্যদিকে, আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সারা দেশের আজকের সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছে, আজ সন্ধ্যা ৬টার মধ্যে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ময়মনসিংহ, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় দমকা বা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

একইসঙ্গে চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

একই সঙ্গে ঢাকা, টাঙ্গাইল, নরসিংদী, ময়মনসিংহ, চাঁদপুর, লক্ষ্ণীপুর, ব্রাহ্মণবাড়িয়া ও পটুয়াখালী জেলাসহ রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

আপনার জেলার সংবাদ পড়তে