লক্ষ্ণীপুরের রামগতি উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চর আবদুল্লাহ ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে গত ৩০ মে অনুষ্ঠিত হয়েছে বহুল প্রতীক্ষিত ‘১ম পুনর্মিলনী-২০২৬’। দিনব্যাপী এ আয়োজন শেষ হয় আনন্দ, স্মৃতি ও প্রেরণার এক অনন্য ও শিক্ষার্থী পরিষদের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানটি পরিণত হয় এক বর্ণাঢ্য মিলনমেলা, স্মৃতিচারণ ও প্রজন্মের বন্ধন দৃঢ় করার অনন্য আয়োজন।
দীর্ঘ সময় পর একই ছাদের নিচে একত্রিত হন বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা। ১৯৯৫ থেকে ২০২৬ ব্যাচ পর্যন্ত প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিনব্যাপী আয়োজনে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে ছিল স্মৃতিচারণ, সম্মাননা প্রদান, কৃতি শিক্ষার্থীদের সাফল্যের গল্প উপস্থাপন এবং মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। পুনর্মিলনী উপলক্ষে প্রতিষ্ঠানের প্রয়াত ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সম্মাননা স্মারক ও উপহার প্রদান করা হয়। একইসঙ্গে বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখা কৃতি শিক্ষার্থীদেরও সম্মাননা জানানো হয়।
বক্তারা বলেন, একটি শিক্ষা প্রতিষ্ঠানের সবচেয়ে বড় সম্পদ তার প্রাক্তন শিক্ষার্থীরা। তাদের পারস্পরিক বন্ধন, সহযোগিতা এবং প্রতিষ্ঠানের প্রতি দায়বদ্ধতা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাজিরহাট হামিদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসেন, চর আবদুল্লাহ ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আবদুল হাকিম, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আবদুল বাকী, আলেকজান্ডার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আব্বাস সুমন, চ্যানেল ২৪-এর অনুসন্ধানী সাংবাদিক মো. মাহতাব উদ্দিন মিনহাজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের শেষ পর্বে ২০০৩ ব্যাচের শিক্ষার্থী মো. নুরুল আমিন রাজুর তত্ত্বাবধানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সঞ্চালনায় ছিলেন প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থী ও হাজিরহাট হামিদিয়া কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক (ইংরেজি) আবদুল ওয়ারেছ পাভেল, গোলাম কিবরিয়া মিরাজ এবং জাফর ইকবাল মিঠু।