লক্ষ্ণীপুরে তালগাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

এফএনএস (নিজস্ব প্রতিবেদক) : | প্রকাশ: ১ জুন, ২০২৬, ০৫:৫৯ পিএম
লক্ষ্ণীপুরে তালগাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

লক্ষ্ণীপুরের রায়পুর উপজেলায় তালগাছ থেকে পড়ে রাজু আহম্মেদ (৩২) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১ জুন) দুপুরে জানাজা শেষে নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।  এর আগে রোববার (৩১ মে) বিকেল ৫টার দিকে উপজেলার বামনী ইউনিয়নের সাইচা গ্রামের কাজির দিঘিরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তার আকস্মিক মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। নিহত রাজু আহম্মেদ সাইচা গ্রামের সানা উল্লাহর ছেলে। পেশায় তিনি দিনমজুর ছিলেন। তিনি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য স্বজন-শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকেলে শখের বসে তাল পাড়ার জন্য একটি উঁচু তালগাছে ওঠেন রাজু। একপর্যায়ে অসাবধানতাবশত তার পা ফসকে যায় এবং তিনি গাছ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।

নিহতের প্রতিবেশীরা বলেন, “রাজু ছিলেন পরিশ্রমী ও ভদ্র স্বভাবের একজন মানুষ। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হিসেবে তিনি সংসারের দায়িত্ব বহন করতেন। তার অকাল মৃত্যুতে পরিবারটি বড় ধরনের অনিশ্চয়তার মুখে পড়েছে। স্থানীয় জন প্রতিনিধিরা নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, রাজুর অন্তঃসত্ত্বা স্ত্রী ও ছোট সন্তানদের ভবিষ্যৎ বিবেচনায় সমাজের বিত্তবান ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা প্রয়োজন। তারা পরিবারটির পাশে দাঁড়ানোর জন্য সকলের প্রতি আহ্বান জানান।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মিয়া জানান, তাল পাড়ার সময় দুর্ঘটনাবশত গাছ থেকে পড়ে আহত হন রাজু। পরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে