প্রাথমিক শিক্ষা পদক’২০২৬

পাবনা জেলায় সেরা হলেন চাটমোহরের ইউএনও এবং শিক্ষা অফিসার

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ২ জুন, ২০২৬, ০৩:৫২ পিএম
পাবনা জেলায় সেরা হলেন চাটমোহরের ইউএনও এবং শিক্ষা অফিসার

প্রাথমিক শিক্ষায় অসামান্য অবদানের জন্য ‘প্রাথমিক শিক্ষা পদক ২০২৬’ এ পাবনা জেলা পর্যায়ে শ্রেণ্ঠ হয়েছেন চাটমোহর উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরী ও উপজেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল গণি। এছাড়া একই উপজেলার হান্ডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ ফরিদ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন। 

সোমবার (১ জুন) বিকেলে প্রাথমিক শিক্ষা পদক কমিটির জেলা বাছাই কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম এবং জেলা বাছাই কমিটির সদস্য সচিব ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল কবির স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।

চাটমোহর উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরী ও উপজেলা শিক্ষা অফিসার আব্দুল গণি প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের জন্য বছরব্যাপী একযোগে কাজ করেছেন। এরমধ্যে বেশিরভাগ স্কুলে সিসি ক্যামেরা স্থাপন,মা সমাবেশ,স্কুলের সংযোগ সড়ক,ভবন ও টযলেট মেরামতসহ  উন্নয়ন কাজ করা হয়েছে। 

উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরীর পরিকল্পনায় উপজেলার ১টি পৌরসভা ও ১১টি ইউনিয়নের ১২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে মডেল বিদ্যালয় হিসেবে ঘোষনা করে শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন। তিনি উপজেলার ১৫৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উন্নতমানের স্কুলব্যাগ বিতরণ করেন। 

উপজেলা শিক্ষা অফিসার বলেন,‘সরকারের নীতি ও পরিকল্পনা বাস্তবায়নে মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছি। কাজের স্বীকৃতি পেয়ে দায়িত্ববোধ আরো বেড়ে গেল। প্রাথমিক শিক্ষায় চাটমোহর উপজেলা একটি রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত হবে বলে আশা করছি। ”

উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরী বলেন,‘শিক্ষার কোন বিকল্প নেই। শিক্ষা গ্রহণের মূল ভিত্তিই হলো প্রাথমিক শিক্ষা তাই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রাথমিক বিদ্যালয়ের সমস্যা চিহ্নিত করে কাজ করে যাচ্ছি।”

আপনার জেলার সংবাদ পড়তে