লালমনিরহাটে ৭ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

এফএনএস (জিন্নাতুল ইসলাম জিন্না; লালমনিরহাট) : | প্রকাশ: ৩ জুন, ২০২৬, ১১:২৭ এএম
লালমনিরহাটে ৭ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

‎লালমনিরহাটের হাতীবান্ধায় সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে আবু তালেব (৬০) নামের এক ব্যাটারিচালিত ভ্যানচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২ জুন) সকালে উপজেলার বড়খাতা ইউনিয়নের আদর্শ গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আবু তালেব ওই ইউনিয়নের দোলাপাড়া গ্রামের মৃত শিয়াল শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদের পরদিন ২৯ মে বন্ধুদের সঙ্গে ঘুরতে বের হয়েছিল ওই শিশু। ঘোরাঘুরি শেষে বিকেলে নানার সেলুনের দোকান থেকে ২০ টাকা নিয়ে বাড়ি ফেরার উদ্দেশ্যে সে আবু তালেবের ব্যাটারিচালিত ভ্যানে ওঠে। ভ্যানচালক শিশুটিকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে কৌশলে পাশের একটি করাতকলের (ছ'মিল) গ্যারেজে নিয়ে যায় এবং সেখানে তাকে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়। পরে ভুক্তভোগী শিশুটি অন্য একটি ভ্যানে করে বাড়ি ফিরে তার নানিকে বিষয়টি জানায়। শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাকে লালমনিরহাট সদর হাসপাতালে স্থানান্তর করেন। বর্তমানে শিশুটি মুমূর্ষ অবস্থায় সেখানেই চিকিৎসাধীন রয়েছে। এই ঘটনার পর ওই রাতেই হাতীবান্ধা থানায় অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন শিশুটির নানা।

‎হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মোশাররফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ তদন্তে নামে। পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তের অবস্থান ও পরিচয় শনাক্ত করে সফল অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিকে দুপুরের পর আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

আপনার জেলার সংবাদ পড়তে