পাবনার চাটমোহর পৌরসভায় একটি কাজের কার্যাদেশ দিতে গড়িমসি করছে কর্তৃপক্ষ-এমন অভিযোগ উঠেছে। অতি সম্প্রতি পৌরসভার আফ্রাতপাড়া মহল্লার জনৈক রিপনের বাড়ি থেকে হারুনের বাড়ি পর্যন্ত রাস্তার আরসিসি কাজের টেন্ডার আহবান করা হয়। যার বরাদ্দ ৩৭ লাখ ১৫ হাজার ৪২৭ টাকা। ই টেন্ডারের মাধৗমে লটারী শেষে কাজ পান মেসার্স ইহান কনস্ট্রাকশনের মোঃ রফিকুল ইসলাম। ঠিকাদারী প্রতিষ্ঠানের সবকিছু ঠিকঠাক থাকলেও রহস্যজনক কারণে কাজের ওয়ার্ক অর্ডার (কার্যাদেশ) দেওয়া হচ্ছেনা বলে অভিযোগ। ঠিকাদার মোঃ রফিকুল ইসলাম জানান,‘কার্যাদেশ আনতে গেলে তাকে বলা হয়,এখন দেওয়া যাবেনা। তবে কার্যাদেশ পাওয়ার জন্য তিনি আবেদন করেছেন বলে জানান।
এ ব্যাপারে পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারি প্রকৌশলী মোঃ রাফিউল বারী গণমাধ্যমকে জানান,এই কাজের রি-ভেলুয়েশন করা হচ্ছে। ওয়ার্ক অর্ডার পর্যায়ে এখনো আসেনি। তবে তিনি বলেন,ঠিকাদারের একটি কাগজ ভুল ছিলো,এ কারণে পুনরায় লটারী করা হবে। ভুল আগে ধরা হয়নি কেন-এ প্রশ্নের কোন সদুত্তর দিতে পারেননি পৌরসভার এই কর্মকর্তা। অবশ্য পৌরসভার এই প্রধান কর্মকর্তা ইতোপূর্বে বলেছিলেন,লটারী সঠিকভাবে হয়েছে,কারো কোন অসুবিধা হলে,তাকে মামলা করার পরামর্শ দেন।