মুক্তাগাছায় বজ্রপাতে এএসএম খালেকুল আজাদ (৫৬) নামের এক কলেজ শিক্ষকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার রঘুনাথপুর রৌয়ারচর গ্রামের মৃত হাজী ইউসুফ আলীর ছেলে। নিহত খালেকুল আজাদ মুক্তাগাছা উপজেলার গাবতলী ডিগ্রী কলেজে গণিত বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার দ্পুুর সোয়া একটার দিকে উপজেলার বড়গ্রাম ইউনিয়নের রঘুনাথপুর রৌয়ারচর বাজার এলাকায় এই ঘটনা ঘটে। পরিবার ও এলাকাবাসী জানায়, কলেজ বন্ধ থাকায় বৃহস্পতিবার তিনি নিজ গ্রামে মসজিদ নির্মাণ কাজ তদারকি করছিলেন। দুপুর ১টা ১৫ মিনিটের দিকে বৃষ্টির সাথে আকস্মিক বজ্রপাত শুরু হয়। এ সময় অন্যান্যরা নিরাপদ স্থানে চলে যায়। তিনি পাশের এক আম গাছের নিচে আশ্রয় নেয়। এসময় তিনি বজ্রাঘাতে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সায়েম তানভীর জানান, বজ্রপাতে তিনি আহত হন। হাসপাতালে নিয়ে আসার আগেই সে মারা যান।