মুলাদীতে আহত তরুণের

মৃত্যুর গুজবে হামলা-ভাঙচুর, ৫০জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

এফএনএস (মোঃ আরিফুল হক তারেক; মুলাদী, বরিশাল) : | প্রকাশ: ৪ জুন, ২০২৬, ০৬:৩৪ পিএম
মৃত্যুর গুজবে হামলা-ভাঙচুর, ৫০জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

বরিশালের মুলাদীতে আহত তরুণের মৃত্যুর গুজবে ৩টি বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় মামলা হয়েছে। গত বুধবার দিবাগত রাত ১২টার দিকে জালালাবাদ লক্ষ্ণীপুর গ্রামের জসীম বাদশার স্ত্রী রোজী বেগম বাদী হয়ে মুলাদী থানায় এই মামলা করেন। এর আগে বুধবার বেলা ১টার দিকে বানীমর্দন গ্রামের মিলন হাজী নামের এক তরুণের মৃত্যুর গুজবের পর জালালাবাদ লক্ষ্ণীপুর গ্রামের জসীম বাদশা, নূরুল আলম হাওলাদার ও নাসির সরদারের বাড়িতে হামলার ঘটনা ঘটে। মিলন হাজী বাড়ির শুকুর হাজী, মোতালেব হাজী ও একই গ্রামের সুমন সরদারের নেতৃত্বে ৪৫-৫০জন লোক এই হামলা চালায় বলে মামলায় উল্লেখ করা হয়েছে। এঘটনায় পুলিশ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে বারেক হাজী নামের এক আসামিকে গ্রেপ্তার করেছেন।  

জানা গেছে, গত ২৯ মে জালালাবাদ লক্ষ্ণীপুর গ্রামের জসীম ওরফে জাকির বাদশার ছেলে আবু তাহের ও নাসির সরদারের ছেলে রাজুর সঙ্গে পার্শ্ববর্তী গ্রামের আব্দুর রহিম হাজীর ছেলে মিলন হাজীর মারামারি হয়। এতে মিলন মারাত্মক আহত হলে তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। গত বুধবার দুপুরে এলাকায় আহত মিলনের মৃত্যুর গুজব ছড়ায়। এতে মিলনের স্বজনদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয় এবং ৪৫-৫০জন লোক দেশিয় অস্ত্র নিয়ে তিনটি বাড়িতে হামলা ও ভাঙচুর করে। এসময় মালামাল লুট করার অভিযোগও রয়েছে। 

ওই ঘটনায় জসীম বাদশার স্ত্রী রোজী বেগম বাদী হয়ে শুক্কুর হাজী (৫৫), মোতালেব হাজী (৪৮), আলীম সরদার (৫৫), সাকিব হাজী (২০), মন্টু হাজী (৬০), মামুন হাজী (৪০), সজিব হাজী (২৬), সুমন হাজী (৪৫), নূরে আলম হাজী (৪০), রিপা বেগম (৩২), মোহনা বেগম (২০)সহ ২৪জনের নাম উল্লেখ করে ৫০জনের বিরুদ্ধে মামলা করেন। এব্যাপারে মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো. সোহেল রানা বলেন, হামলা ও ভাঙচুরের ঘটনায় মামলা হয়েছে। এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার তদন্ত এবং অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আপনার জেলার সংবাদ পড়তে