শরণখোলায় সড়ক দুর্ঘটনা ও বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু

এফএনএস (সাবেরা ঝর্ণা; শরণখোলা, বাগেরহাট) : | প্রকাশ: ৪ জুন, ২০২৬, ০৮:২৬ পিএম
শরণখোলায় সড়ক দুর্ঘটনা ও বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু

বাগেরহাটের শরণখোলায় মাত্র এক সপ্তাহের ব্যবধানে পৃথক ঘটনায় সড়ক দুর্ঘটনা ও বিদ্যুৎস্পৃষ্টে দুজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলেন-সদ্য প্রবাস ফেরত যুবক সুজন মোল্লা (৩৮) ও ধানসাগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রায়হানউদ্দিন সুমন সরদার (৪২)। পৃথক এই দুটি অকাল মৃত্যুর ঘটনায় পুরো উপজেলাজুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৪ জুন) সকালে শরণখোলা উপজেলার ধানসাগর ইউনিয়নের ছুটুখার বাজারে কাঠবোঝাই নছিমন উল্টে সুজন মোল্লা নামে ওই প্রবাসী ফেরত যুবকের মৃত্যু হয়। সকালে সুজন নিজেই কাঠবোঝাই নছিমনটি চালিয়ে উপজেলা সদরের দিকে যাওয়ার সময় ছুটুখার বাজারের একটি মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বৈদ্যুতিক খুঁটির সাথে সজোরে ধাক্কা খায়। এতে মাথায় মারাত্মক আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় নছিমনে থাকা রিয়াদ নামে অপর এক শ্রমিক গুরুতর আহত হলে তাকে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত সুজন উপজেলার উত্তর রাজাপুর গ্রামের হানিফ মোল্লার ছেলে। নিহতের পরিবার জানায়, মাত্র তিন মাস আগে সে বিদেশ থেকে পাকাপাকিভাবে দেশে ফিরে একটি নছিমন কিনে কাঠের ব্যবসা শুরু করেছিল। শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামিনুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এদিকে, এর আগে গত ২৯ মে উপজেলার ধানসাগর ইউনিয়নের আমড়াগাছিয়া সিংবাড়ী গ্রামের নিজ বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রায়হানউদ্দিন সুমন সরদার নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়। তিনি ওই গ্রামের আবুল কালাম সরদারের ছেলে। নিহত সুমন সরদার ধানসাগর ইউনিয়ন বিএনপি'র সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি উপজেলা সদর রায়েন্দা পাঁচ রাস্তার মোড়ে অবস্থিত 'গ্রামীণ হাসপাতাল'-এর অন্যতম পরিচালক ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে