জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন,জনগণের ভোটে নির্বাচিত হয়ে আপনারা সংসদে গিয়েছেন কিন্তু আপনারা সংসদে গিয়ে এখন কোন গণভোটকে অস্বীকার করছেন। আপনাদের এই খামখেলিপনা জনগণ কখনো মেনে নিবে না। জনগণের ভোটে নির্বাচিত হলেও তারা অল্প দিনেই জনগণের সাথে প্রতারণা শুরু করে দিয়েছে। শুক্রবার (৫ জুন২০২৬) চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে মাঠে ঈদ পূনর্মিলনী ও যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।
সভায় প্রধান বক্তা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ার বলেছেন,বিএনপি আওয়ামী লীগের ফাঁদে পড়ে জিয়াউর রহমানকে হারিয়েছে, বিনা চিকিৎসায় খালেদা জিয়াকে মরতে হয়েছে। এই বিএনপি আবারো আওয়ামী লীগের ফাঁদে পড়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে তিনি আরো বলেন, এরাই কিন্তু আপনার বাবার খুনি, এরাই কিন্তু আপনার মায়ের খুনী, এরাই কিন্তু বিএনপি'র অসংখ্য নেতাকর্মীর খুনি, এরাই কিন্তু বাংলাদেশ জামায়াতে ইসলামের অসংখ্য নেতাকর্মীদের খুনি। এরা সাংবাদিক দম্পতি সাগর-রুনীকে হত্যা করেছিল, শাপলা চত্বরে অসংখ্য আলেম-ওলামাকে হত্যা করেছিল, পিলখানায় বিডিআর হত্যাকাণ্ড ঘটিয়েছিল। এনসিপি মতলব উত্তর উপজেলা আহবায়ক আরিফা তুহিন এর সভাপতিত্বে এবং সদস্য সচিব ইমাদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, এনসিপি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব নিজাম উদ্দিন, এনসিপি চাঁদপুর জেলা কমিটির মাহবুবুল আলম, কেন্দ্রিয় যুব নারী শক্তির যুগ্মআহবায়ক ইমরাত জাহান বিন্দু, উপজেলা জামায়াতে ইসলামের আমীর অধ্যাপক আবুল বাশার, উপজেলা এনসিপি'র যুগ্ম আহ্বায়ক ইদ্রিস আলী প্রধান সহ এনসিপি'র বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচরে এনসিপি আয়োজিত ‘ঈদ পুনর্মিলনী ও যোগদান অনুষ্ঠান’ ঘিরেও ব্যাপক উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এনসিপির এই সভা ঘিরে প্রায় ২০০ পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন বলে জানিয়েছেন মতলব উত্তর থানার পরিদর্শক (তদন্ত) প্রদীপ মন্ডল। অনুষ্ঠানে পাঁচ মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন রাজনৈতিক দল থেকে শতাধিক নেতাকর্মী এনসিবিতে যোগদান করেন।