বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির ১ নম্বর সহ- সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন গফরগাঁওয়ের কৃতি সন্তান, যুবদলের কেন্দ্রীয় সদ্য সাবেক সহ-সাধারণ সম্পাদক হাসান আল মামুন লিমন। বৃহস্পতিবার (৪ জুন) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে বুধবার আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করে যুবদলের ১৫১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি অনুমোদন দেওয়া হয়।
হাসান আল মামুন লিমনের নতুন এ দায়িত্ব পাওয়ার খবরে সংসদীয় আসন ময়মনসিংহ-১০ (গফরগাঁও -পাগলা) নির্বাচনী এলাকার বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। উপজেলার বিভিন্ন এলাকায় মিষ্টি বিতরণ করেছেন আনন্দিত যুবদল নেতাকর্মীরা। শুক্রবার (৫ জুন) বিকালে গফরগাঁও উপজেলা যুবদলের উদ্যোগে পৌর শহরের মিনি স্টেডিয়ামে মাঠ থেকে একটি আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে। উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক গোলাম মোস্তফা এবং যুবদল নেতা মোশাররফ মোল্লার নেতৃত্বে এ আনন্দ র্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মিনি স্টেডিয়ামে এসে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন যুবদল নেতা সালাম, রাজিব, মিন্টু, কবিরসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা। যুবদল নেতাকর্মীরা এ সময় বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ ও অভিনন্দন জানান। তারা আশা প্রকাশ করেন, হাসান আল মামুন লিমনের নেতৃত্বে জাতীয়তাবাদী যুবদল আরও শক্তিশালী ও গতিশীল ভূমিকা পালন করবে। তৃণমূল থেকে উঠে আসা হাসান আল মামুন লিমন ছাত্রদলের রাজনীতি দিয়ে পথচলা শুরু করেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকার কারণে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তিনি একাধিকবার হামলা, মামলা, গ্রেফতারের শিকার হন। দলের প্রতি ত্যাগ ও নিষ্ঠার স্বীকৃতি হিসেবেই তাকে কেন্দ্রীয় কমিটির ১ নম্বর সহ-সাধারণ সম্পাদক করা হয়েছে বলে মনে করছেন স্থানীয় যুবদল নেতাকর্মীরা। নতুন দায়িত্ব পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় হাসান আল মামুন লিমন বলেন, আমাকে যুবদলের কেন্দ্রীয় কমিটির ১ নম্বর সহ- সাধারণ সম্পাদক মনোনীত করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি। দলের আদর্শ বুকে ধারণ করে আমৃত্যু জনগণের জন্য কাজ করে যাব বলে তিনি অঙ্গীকার করে।