পাবনার চাটমোহর প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্ট-সিপিএল এ চ্যাম্পিয়ন হয়েছে মানতাশা ডায়াগনস্টিক সেন্টার। শুক্রবার (৫ জুন) বিকেলে বালুচর খেলার মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল খেলায় তারা ৩৩ রানে বন্ধন ক্রিকেট ক্লাবকে পরাজিত করে। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে মানতাশা ডায়াগনস্টিক সেন্টার ১৩ ওভার ৩ বলে ৭ উইকেট হারিয়ে ৮৯ রান সংগ্রহ করে। বন্ধন ক্রিকেট ক্লাবের পক্ষে অর্জুন হ্যাট্টিকসহ ৩টি, মাজিদুল ৩টি ও মিরাজ ২টি উইকেট লাভ করেন। ৯০ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রতিপক্ষের বিধ্বংসী বোলিংয়ে ১২ ওভার ২ বলে মাত্র ৫৬ রানে গুটিয়ে যায় বন্ধন ক্রিকেট ক্লাবের ইনিংস। মানতাশা ডায়াগনস্টিক সেন্টারের পক্ষে রাকিব ৪টি, সজিব ৩টি ও হাবিব ২টি উইকেট লাভ করেন। খেলা শেষে দুই দলের খেলোয়ারদের হাতে চ্যাম্পিয়ন-রানারআপ ট্রফিসহ অন্যান্য পুরস্কার তুলে দেন অতিথিরা। এতে প্রধান অতিথি ছিলেন নাটোর জেলা ক্রীড়া অফিসার রাকিবুল হাসান এছামী। বিশেষ অতিথি ছিলেন, চাটমোহর স্পোর্টস একাডেমির আহ্বায়ক তৌহিদুল ইসলাম তাইজুল, জাতীয়তাবাদী ক্রীড়া দলের কেন্দ্রীয় কমিটির সদস্য আশরাফ হেলাল। চাটমোহর ক্রিকেটার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাব্বির আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সভাপতি রাসেল শেখ। অনুষ্ঠানে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এ বিভাগীয় পর্যায়ে খেলার সুযোগ পাওয়ায় চাটমোহরের তিন কিশোর শুদ্ধ, কাব্য ও মারুফ কে সম্মাননা পুরস্কার তুলে দেওয়া হয়। গত ২৬ মে উপজেলার ৬টি দল নিয়ে শুরু হয় টি-টোয়েন্টি ঘরানার চাটমোহর প্রিমিয়ার লীগ ক্রিকেট। টুর্নামেন্টের আয়োজন করে চাটমোহর ক্রিকেটার্স এসোসিয়েশন।