নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের এমপি ও কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে হুদা বাবুল বলেছেন, “আগামী পাঁচ বছরে এলাকার কোন রাস্তা আর কাঁচা থাকবেনা। সবগুলোই পাকাকরণ করা হবে। সরকার গ্রামীণ জনগণের জীবন মান উন্নয়নে প্রত্যন্ত পল্লীর রাস্তাঘাটগুলো পাকাকরণ করবে।” শনিবার (৬ জুন) বিকেলে তিনি তার নির্বাচনী এলাকা নওগাঁর বদলগাছীতে দুটি গ্রামীণ সড়ক এইচবিবিকরণ কাজের উদ্বোধনের সময় এসব কথা বলেন। উপজেলার বিলাশবাড়ী ইউনিয়নের শ্রীরামপুর বাজারে এ উপলক্ষে আয়োজিত সমাবেশে এমপি প্রধান অতিথি এবং উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনি ও বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মাহবুবুর রহমান, এমপির রাজনৈতিক সচিব ও বদলগাছী উপজেলা বিএনপির সহ-সভাপতি রেজাউন নবী স্যান্ডো, বিলাসবাড়ী ইউনিয়ন ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম, বিলাশবাড়ী ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান কেটু, ইউনিয়ন যুবদলের সভাপতি রুহুল আমীন ইনসান প্রমুখ।
সংশ্লিষ্টরা জানান, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় প্রকল্পটি বাস্তবায়ন করছে। এজন্য বরাদ্দ করা হয়েছে এক কোটি ১৬ লক্ষ ৩৮ হাজার টাকা। প্রকল্পের আওতায় শ্রীরামপুর পাকারাস্তা সংলগ্ন রাব্বীর দোকান হতে আশরাফুলের বাড়ি অভিমুখে রাস্তা, খালেকরের বাড়ির মোড় কারেন্টের পোল হতে পাকারাস্তা অভিমুখে রাস্তা, এবং মথুরাপুর ইউনিয়নের ফয়জাবাদ কেন্দ্রীয় ঈদগাহ মাঠ হতে থুবশহর সরকারি প্রাথমিক বিদ্যালয় অভিমুখে রাস্তা হেরিং বোন বন্ড (এইচবিবি) করণ করা হবে।
এমপি সড়ক দুটির ফলক উন্মোচন ও মুনাজাত পরিচালনা করেন।