সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ভেটখালী গ্রামে বজ্রপাতে আব্দুল হাকিম (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আব্দুল হাকিম ওই গ্রামের লুৎফর গাজীর ছেলে। বিকেলে স্থানীয় মৎস্য ঘেরে কাজ করছিলেন আব্দুল হাকিমসহ আরও ৮জন। হঠাৎ ঝড়বৃষ্টি শুরু হলে তারা ঘেরের বাসায় আশ্রয় নিতে যাচ্ছিলেন। যাওয়ার পথে বজ্রপাতে নিহত হন আব্দুল হাকিম। শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আব্দুল হাকিমের এই আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।