জামালপুরে জমি নিয়ে বিরোধের জেরে ধরে ভাতিজার হামলায় চাচা আব্দুল হক (৫৫) নিহত হয়েছে। এ ঘটনায় আব্দুল হকের স্ত্রী জুলেখা বেগম (৪৫) আহত হয়ে জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। শনিবার (৬ জুন) দুপুরে জামালপুর সদর উপজেলার লক্ষ্ণীরচর ইউনিয়নের লক্ষ্ণীরচর মধ্যপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আব্দুল হক ওই এলাকার মৃত মনসুর আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে নিজেদের পৈত্রিক কৃষি জমি নিয়ে আব্দুল হক ও তার ভাতিজা সালামের সাথে বিরোধ চলে আসছিলো। শনিবার দুপুরে চাচা আব্দুল হক জমির ধান কেটে মাড়াই করতে গেলে এতে ক্ষিপ্ত হয়ে তার ভাতিজা
সালাম তার স্ত্রী সহ বেশ কয়েকজন লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে চাচা আব্দুল হক ও তার স্ত্রী জুলেখা বেগমের উপর হামলা চালায়। হামলায় ভাতিজা সালামের দেশিয় অস্ত্রের আঘাতে চাচা আব্দুল হক ঘটনাস্থলেই মারা যান। এ সময় আহত হন আব্দুল হকের স্ত্রী জুলেখা বেগম। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন। নিহত আব্দুল হকের আরেক ভাতিজা রোকন মিয়া বলেন, সালামদের সাথে আমার চাচার
অনেক আগে থেকেই জমি নিয়ে দ্বন্দ্ব। সালাম দীর্ঘদিন বিদেশে ছিলো। সে কিছুদিন আগে দেশে এসেই কাকার সাথে ঝামেলা করছে। আজকে কাকা ধান গুলো কেটে ধান মাড়াই করতে যাচ্ছিলো। সে সময় তারা কাকা-কাকির ওপরে অতর্কিতে হামলা করে। তাদের ডাক চিৎকারে আমি এসে দেখি কাকা মাটিতে পড়ে আছে। এ বিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব
বলেন, ভাতিজার সাথে জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচা নিহত হন। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে একটি হত্যা মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।