অস্ত্র ও টাকাসহ ডাকাত আজিম ও তার ২ সহযোগী আটক

এফএনএস (নিজস্ব প্রতিবেদক) : | প্রকাশ: ৭ জুন, ২০২৬, ০৪:৫৯ পিএম
অস্ত্র ও টাকাসহ ডাকাত আজিম ও তার ২ সহযোগী আটক

লক্ষ্ণীপুরের রামগতি উপজেলার জনতা বাজার সংলগ্ন মেঘনা নদী এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র, গুলি ও নগদ ৮ লাখ টাকাসহ কুখ্যাত ডাকাত মো. আজিম ব্যাপারী (৩২) এবং তার দুই সহযোগীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। শনিবার (৬ জুন) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন রামগতি জনতা বাজার সংলগ্ন মেঘনা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানের সময় কুখ্যাত ডাকাত আজিম ব্যাপারী ও তার দুই সহযোগী মো. বশির (৪০) এবং রাব্বী (১৬)-কে আটক করা হয়। তারা সবাই রামগতি উপজেলার বাসিন্দা। আটকদের দেওয়া তথ্যের ভিত্তিতে পরে তাদের আস্তানায় তল্লাশি চালিয়ে একটি দেশীয় একনলা বন্দুক, তিন রাউন্ড তাজা কার্তুজ এবং নগদ ৮ লাখ টাকা উদ্ধার করা হয়।

কোস্ট গার্ড সূত্র জানায়, এর আগে ২০২২ সালের ২৯ সেপ্টেম্বরও অস্ত্রসহ আজিম ব্যাপারীকে আটক করা হয়েছিল। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে। উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ ও জব্দকৃত টাকা জিম্মায় নিয়ে আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান জানান, আটক তিনজনকে রোববার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে