যুবদলের সহ-গণশিক্ষা সম্পাদক হলেন সাঘাটার সাইদুর রহমান

এফএনএস (খ.ম মিজানুর রহমান রাঙ্গা; সাঘাটা, গাইবান্ধা) :
| আপডেট: ৮ জুন, ২০২৬, ০৩:৪৫ পিএম | প্রকাশ: ৮ জুন, ২০২৬, ০৩:৪৫ পিএম
যুবদলের সহ-গণশিক্ষা সম্পাদক হলেন সাঘাটার সাইদুর রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন গাইবান্ধার সাঘাটা উপজেলার কৃতি সন্তান মোঃ সাইদুর রহমান (রয়েল)। তাঁর এই মনোনয়নের খবরে সাঘাটা উপজেলা ও গাইবান্ধা জেলাজুড়ে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে আনন্দের জোয়ার বইছে। স্থানীয় দলীয় নেতাকর্মীরা মনে করেন, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং তৃণমূল পর্যায়ে ব্যাপক জনপ্রিয়তার স্বীকৃতি হিসেবেই তিনি যুবদলের কেন্দ্রীয় এই গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব পেয়েছেন। তাঁর এই পদোন্নতিকে সাঘাটা তথা গাইবান্ধার রাজনীতির জন্য একটি ইতিবাচক অর্জন হিসেবে দেখছেন স্থানীয় নেতৃবৃন্দ।

খোঁজ নিয়ে জানা যায়, ছাত্রজীবন থেকেই জাতীয়তাবাদী আদর্শে উদ্বুদ্ধ হয়ে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন সাইদুর রহমান (রয়েল)। তিনি বিভিন্ন সময়ে ছাত্রদল ও বিএনপির সহযোগী সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্য, সহ-যোগাযোগ বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় ছাত্রদলের সদস্য এবং সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিনের ত্যাগ ও সাংগঠনিক দক্ষতার কারণে তিনি সর্বস্তরের নেতাকর্মীদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন।

সাইদুর রহমান (রয়েল) যুবদলের কেন্দ্রীয় সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক নির্বাচিত হওয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও যুবদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া সাঘাটা উপজেলার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, তাঁর নেতৃত্বে জাতীয়তাবাদী যুবদল আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে এবং দেশের গণতান্ত্রিক আন্দোলনে কার্যকর ভূমিকা পালন করবে।

"আমার প্রতি আস্থা রেখে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নসহ দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এই দায়িত্ব আমার জন্য যেমন গৌরবের, তেমনি অত্যন্ত গুরুদায়িত্ব। আমি দলের আদর্শ এবং দেশনায়ক তারেক রহমানের ঘোষিত রাষ্ট্রকাঠামো সংস্কারের লক্ষ্য বাস্তবায়নে যুবসমাজকে ঐক্যবদ্ধ করতে নিরলসভাবে কাজ করে যাব। বিশেষ করে তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে একটি সুসংগঠিত ও জনমুখী যুবদল গঠনে আমার সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত থাকবে। আমি অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালনে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।" তিনি আরও যোগ করেন, "গাইবান্ধা জেলা ও সাঘাটাবাসীর ভালোবাসা এবং সমর্থনই আমার পথচলার শক্তি। আমি সবসময় জনগণের পাশে থেকে দেশ ও দলের স্বার্থে কাজ করে যেতে চাই।" এদিকে নবনির্বাচিত এই যুবনেতার উত্তরোত্তর সাফল্য ও দীর্ঘায়ু কামনা করেছেন সাঘাটা ও গাইবান্ধার বিভিন্ন স্তরের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ।

আপনার জেলার সংবাদ পড়তে