সৈয়দপুরে মামলা না নেওয়ায় লাশসহ বিক্ষোভ, থানা ঘেরাও

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ৮ জুন, ২০২৬, ০৩:৪৯ পিএম
সৈয়দপুরে মামলা না নেওয়ায় লাশসহ বিক্ষোভ, থানা ঘেরাও

নীলফামারীর সৈয়দপুরে পেট্রোল দিয়ে আগুন লাগানো এক নাশকতার ঘটনায় ঝলসে যাওয়া ষাটোর্ধ বৃদ্ধ ৪ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে মারা গেছেন। মৃত্যুর ৩ দিনেও মামলা না নেওয়ায় লাশসহ বিক্ষোভ মিছিল করে থানা ঘেরাও ও সড়ক অবরোধ করে এলাকাবাসী।  সোমবার (৮ জুন)খাতামধুপুর ইউনিয়ন থেকে ৭ কিলোমিটার পাড়ি দিয়ে লোকজন লাশসহ শহরে ঢ়ুকে বিক্ষোভ মিছিল করে থানার প্রধান গেটে এসে সড়কে অবস্থান নেয়। এতে থানা ও সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। ফলে শেরে বাংলা সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। 

দীর্ঘ ২ ঘন্টা পর এজাহার নথিভুক্ত করে পুলিশ।  এরপরও অবরোধ তুলে না নেওয়ায় সড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে। সড়কে অবস্থানকালে বিক্ষুব্ধ আত্মীয় স্বজন থানার অফিসার ইনচার্জের (ওসি) অপসারণ ও শান্তি দাবি করেন। শেষ পর্যন্ত থানা ভবনের গেটে এসে বিক্ষোভ প্রদর্শন করেন তারা। প্রায় ৩ ঘন্টা এই পরিস্থিতি বিরাজ করে।   আবু বকর সিদ্দিক বলেন, প্রায় ৫ মাস আগে পাতা কুড়ানো নিয়ে একই ইউনিয়নের মাঝাপাড়া এলাকার আব্দুল জব্বারের ছেলে আব্দুস সালাম চঞ্চল আমার ভাইকে মারধর করে মোবাইল ভেঙ্গে দেয়। এটিকে নিয়েই ঘটে মৃত্যু। কিন্তু সৈয়দপুর থানার ওসি মামলা নেননি।   

এব্যাপারে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা বলেন, ঘটনার পরই এসআই ঋষিকেশ চন্দ্র ঘটনাস্থলে পৌঁছে তদন্ত করেছেন। কিন্তু নিহতের পরিবারের লোকজন চিকিৎসার জন্য ব্যস্ত থাকায় কেউ আসতে না পারায় লিখিত অভিযোগ নেওয়া সম্ভব হয়নি।  রোববার তারা একটা এজাহার আনলে তাতে কিছু ত্রুটি থাকায় সংশোধন করতে বলি। কিন্তু তারা রাজি হয়নি। এমনকি আমরা সংশোধন করে দিতে চাইলেও সম্মত না হওয়ায় এই বিলম্ব। পরদিন সকাল ৯ টায় আসার জন্য বললে তারা লাশ ও লোকজন নিয়ে উদ্দেশ্য প্রণোদিত ভাবে এই অরাজক পরিস্থিতির সৃষ্টি করেছে। মামলা নথিভুক্ত হয়েছে এবং দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার জেলার সংবাদ পড়তে