চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে কৃষিতে টেকসই উন্নয়নের লক্ষ্যে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১০ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে ফিতা কেটে আয়োজনের সূচনা করেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাকির মুন্সী। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত এই পার্টনার কংগ্রেসে সভাপতিত্ব করেন কৃষি কর্মকর্তা সাকলাইন হোসেন। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জেসমিন আক্তার লাবনীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, এমপি প্রতিনিধি ও রহনপুর পুনর্ভবা মহানন্দা আইডিয়াল কলেজের সহকারী অধ্যাপক তরিকুল ইসলাম বকুল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আসাদুল্লাহ আহমদ, এনজিও প্রতিনিধি সামিউর রহমান, চৌডালা ইউনিয়নের কৃষক সাকিমউদ্দীন,আলিনগর ইউনিয়নের কৃষক আইরিন খাতুন।
প্রসঙ্গত, পার্টনার কংগ্রেস হলো কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নাধীন ‘প্রোগ্রাম অন অ্যাগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (চঅজঞঘঊজ)’ প্রকল্পের আওতায় আয়োজিত কৃষক, কৃষি উদ্যোক্তা ও সংশ্লিষ্ট অংশীজনদের অংশগ্রহণে অনুষ্ঠিত এক ধরনের মিলনমেলা, প্রশিক্ষণ ও আলোচনা সভা। এতে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,ইউপি চেয়ারম্যান, গণমাধ্যমকর্মী,কৃষিদপ্তরের উপ সহকারী কৃষি কর্মকর্তা ও কৃষক কৃষাণীসহ ১০০ জন এই পার্টনার কংগ্রেসে অংশগ্রহণ করেন।